Ajker Patrika

ফ্যাক্টচেক /‘বরিশাল’ উপজেলা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল অবরোধের পুরোনো ভিডিওকে ছাত্রলীগের ধর্মঘট বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
‘বরিশাল’ উপজেলা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল অবরোধের পুরোনো ভিডিওকে ছাত্রলীগের ধর্মঘট বলে প্রচার
ছাত্রলীগের ধর্মঘটে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্নের দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিশেয়ার করে দাবি করা হচ্ছে, ধর্মঘটের কারণে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অনেক ব্যবহারকারী ভিডিওটিকে আজকের ঘটনা মনে করছেন। পোস্টের কমেন্টে একজন বলেন, ‘নিজের দেশ নিজের নীড়ে। জননেত্রী শেখ হাসিনা আসবে ফিরে। ধন্যবাদ সবাইকে।’

আরেকজন বলেন, ‘এটা বাংলাদেশের কোন ঘটনা নয়, এটা ভারতের ঘটনা অনেক আগের।’ অন্যদিকে একজন লিখেছেন, ‘ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ।’

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ভিডিওটিপর্যবেক্ষণ করে দেখা যায়, রেললাইনের ওপর কাঠের স্লিপার ফেলে রেলপথ অবরোধ করে রাখা হয়েছে। এ সময় শিশুসহ বেশ কয়েকজনকে মাথায় সাদা কাপড় বেঁধে রেললাইনের ওপর বসে থাকতে ও হাঁটাহাঁটি করতে দেখা যায়।

ছাত্রলীগের ডাকা ধর্মঘট এবং চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার দাবির বিষয়ে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করেও কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সত্যতা পাওয়া যায়নি।

পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। গত ৮ নভেম্বর ‘ব্রাহ্মণবাড়িয়ায় গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ’ ক্যাপশনে ভিডিওটি প্রকাশ করা হয়। এর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। এ ছাড়া যমুনা টিভির অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ক্যাপশনে ভিডিওটি শেয়ার করা হয়।

যমুনা টিভির ভিডিও। স্ক্রিনশট
যমুনা টিভির ভিডিও। স্ক্রিনশট

তবে যমুনা টিভির শেয়ার করা ভিডিওগুলো থেকে অবরোধের কারণ ও বিস্তারিত তথ্য জানা যায়নি। পরে বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে জাতীয় দৈনিক ‘যুগান্তর’-এ ‘ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, এমপির আশ্বাসে আলটিমেটাম দিয়ে প্রত্যাহার’ শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যগত মিল রয়েছে।

যুগান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে স্থানীয় বাসিন্দারা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধের পর স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন তাঁরা।

যুগান্তরের প্রতিবেদন। স্ক্রিনশট
যুগান্তরের প্রতিবেদন। স্ক্রিনশট

প্রতিবেদন অনুযায়ী, গত রোববার সকাল ৭টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ এবং আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক অবরোধ করে রাখা হয়। অবরোধের পেছনের কারণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল নিয়ে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়। নবগঠিত ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। পরবর্তী সময়ে সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন এবং আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়। গত ৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে চিঠি দেয়। এরপর থেকেই প্রস্তাবটি বাতিলের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন কর্মসূচি পালন করেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন।

আরও কিছু জাতীয় দৈনিকেও একই তথ্য সংবলিত প্রতিবেদনপাওযা যায়।

সিদ্ধান্ত

ছাত্রলীগের ডাকা ধর্মঘটে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। মূলত, ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ায় ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে স্থানীয় বাসিন্দাদের রেলপথ অবরোধের দৃশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত