Ajker Patrika

ফ্যাক্টচেক /বিএনপির পুরোনো কর্মসূচিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মিছিল বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৬: ৩৭
বিএনপির পুরোনো কর্মসূচিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মিছিল বলে প্রচার
ছাত্রলীগের ধর্মঘটের সমর্থনে মশাল মিছিলের দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ধর্মঘটের সমর্থনে ঢাকার রাজপথে মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আলোচিত দাবিতে ফেসবুকে প্রকাশিত কয়েকটি পোস্ট রয়েছে এখানে, এখানে, এখানে।

ছড়িয়ে পড়া ভিডিওর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য বলে মনে করেছেন। তাঁদের বেশিরভাগ ভিডিওটিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের সমর্থনে প্রতিক্রিয়া জানিয়েছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ভিডিওটিপর্যবেক্ষণ করে দেখা যায়, মশাল হাতে মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে ‘লেগেছে রে লেগেছে, রক্ত আগুন লেগেছে’ এবং ‘এই কোনো নেতা আছে, সেই নেতা ইয়াসিন ভাই’—এমন স্লোগান শোনা যায়।

ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘Homaun Kabir’ নামের একটি ফেসবুক প্রোফাইলে একই ভিডিও পাওয়া যায়। গত বছরের ১১ নভেম্বর প্রকাশিত ওই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘হাজী ইয়াসিনকে দলীয় প্রার্থী ঘোষণা দেওয়ার দাবিতে মশাল মিছিল...’। মূল ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। পাশাপাশি দুই ভিডিওতেই একই ধরনের স্লোগান শোনা যায়।

Homaun Kabir ও The Politics- এর ভিডিও। ছবি: স্ক্রিনশট
Homaun Kabir ও The Politics- এর ভিডিও। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া ‘The Politics-দ্যা পলিটিক্স’ নামের একটি ফেসবুক পেজেও একই ধরনের স্লোগানসহ মশাল মিছিলের ভিডিও পাওয়া যায়। সেখানকার স্লোগানের সঙ্গে আলোচিত ভিডিওর স্লোগানের মিল রয়েছে।

পরবর্তী অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ফেসবুক পেজ এবং চ্যানেল নাইন-এর ইউটিউব চ্যানেলেও একই মিছিলের ভিডিও ও তথ্য পাওয়া যায়। এসব সূত্রের তথ্য পর্যালোচনা করে জানা যায়, ভিডিওটি মূলত ২০২৫ সালের ১১ নভেম্বর কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তাঁর সমর্থকদের বের করা মশাল মিছিলের।

গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এ বিষয়ে ২০২৫ সালের ১১ নভেম্বর ‘বিডি২৪লাইভ’-এ ‘কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল’ শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে স্থানীয় নেতা-কর্মীরা ওই মিছিল করেন। কুমিল্লা–০৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে টানা নয়দিন ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন স্থানীয় নেতাকর্মীরা। এই আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকেরা দাবি করেন। সন্ধ্যায় টাউন হল মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে এসে সমাবেশ করে।

বিডি২৪লাইভ ও ঢাকা পোস্টের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
বিডি২৪লাইভ ও ঢাকা পোস্টের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

একই ঘটনার বিষয়ে ৪ নভেম্বর ২০২৫ তারিখে ‘ঢাকা পোস্ট’-এ প্রকাশিত ‘মনোনয়ন না পাওয়ায় কুমিল্লায় বিএনপি নেতা ইয়াছিনের সমর্থকদের মশাল মিছিল’ শিরোনামের প্রতিবেদনেও মিছিলের স্লোগান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। সেখানে ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ এবং ‘এই কুমিল্লার মাটি, ইয়াছিন ভাইয়ের ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগানের উল্লেখ রয়েছে।

সিদ্ধান্ত

ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের ধর্মঘটের সমর্থনে ঢাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মশাল মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৫ সালের ১১ নভেম্বর কুমিল্লা-৬ আসনে বিএনপি নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তাঁর সমর্থকদের বের করা মশাল মিছিলের। প্রায় এক বছর পুরোনো ওই ভিডিওকে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকার সাম্প্রতিক ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত