Ajker Patrika

প্রতিষ্ঠান না খুললে হত্যা আর নাম বললে চলবে গুলি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৮: ০১
প্রতিষ্ঠান না খুললে হত্যা আর নাম বললে চলবে গুলি
খুলনার সন্ত্রাসী নূর আজিমের হুমকিতে কয়েক ঘণ্টার জন্য বন্ধ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। ছবি: আজকের পত্রিকা

খুলনায় চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে। এবার তাদের লক্ষ্য খুলনার সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ডেপুটি ডিরেক্টর (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে আছেন) সুজাত আহমেদ। তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। একই সঙ্গে নগরীর নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার না খুললে মালিক ও ব্যবস্থাপককে হত্যা আর নাম বললে চলবে গুলি—এমন হুমকির অভিযোগও উঠেছে খুলনার সন্ত্রাসী নূর আজিমের বিরুদ্ধে।

ভুক্তভোগী সুজাত আহমেদ জানান, গতকাল রোববার রাত ১১টার দিকে তাঁর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ‘বি কোম্পানি’ পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় একটি ব্যাংক হিসাব নম্বরও দেওয়া হয়। চাঁদা না দেওয়ায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আজ সকালে সুজাত আহমেদ বলেন, পরিচিত ব্যক্তিদের বাইরে অন্য কারও ফোন ধরছেন না। ভয়ে থানায় লিখিত অভিযোগও করেননি। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুমেক হাসপাতালের ডেপুটি ডিরেক্টর পদ থেকে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যান তিনি।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির অভিযোগ, সন্ত্রাসী নূর আজিমের অনুসারীরা এ হামলা চালায়। এর পর থেকেই তাদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জাহিদ জানান, গতকাল কয়েক দফায় ফোন করে প্রথমে ৩০ লাখ, পরে ২০ লাখ ও সর্বশেষ ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এত টাকা দেওয়ার সামর্থ্য নেই জানালে রাত ১১টার মধ্যে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ব্যবস্থাপক আরও বলেন, তিনটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নূর আজিম পরিচয়ে ফোনগুলো করা হয়। হুমকির পর কর্তৃপক্ষ রাত ১১টার আগেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। আজ দুপুর পর্যন্তও কার্যক্রম বন্ধ ছিল।

জাহিদের দাবি, আজ সকালে গণমাধ্যমকর্মীরা প্রতিষ্ঠানটির সামনে থেকে সরাসরি সম্প্রচার শুরু করলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর নূর আজিম পরিচয়ে ফোন করে মালিক ও ম্যানেজারকে হত্যার হুমকি দিয়ে বলেন, ‘প্রতিষ্ঠান না খুললে হত্যা করা হবে। আর আমার কথা বললে এবার গোলাগুলি হবে।’ পরে কর্তৃপক্ষ আলোচনা করে বেলা ১টার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম আবার চালু করে।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে ফোনে কথা হওয়ার পর তাদের ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে বলায় তা খুলেছে।

খুলনায় চাঁদাবাজির অভিযোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা মন্তব্য করতে রাজি হননি।

এদিকে নগরীর বড়বাজার এলাকার পাইকার ও আড়তদারদের কাছ থেকেও ব্যাপক চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভয়ে অনেক ব্যবসায়ী মুখ খুলছেন না। কেউ কেউ নিরাপত্তার আশঙ্কায় ফোন বন্ধ রাখছেন। সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিরাও হুমকির মুখে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নাগরিক নেতারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। সব মিলিয়ে নগরীর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত