ফ্যাক্টচেক /পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নামে পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে ভুয়া ফটোকার্ড প্রচার

পোশাক কারখানায় সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা দাবি ও শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির নামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে—‘হাসিনার আমলে সবকিছুর দাম অনেক বেশি ছিল, তাই শ্রমিকের ২৫ হাজার টাকা মজুরি চেয়েছি। কিন্তু বিএনপির আমলে সবকিছুর দাম অনেক কম, তাই শ্রমিকের মজুরি বৃদ্ধির প্রশ্নই আসে না।’
আলোচিত দাবিতে কয়েটি পোস্ট রয়েছে এখানে, এখানেএবং এখানে।
গতকাল শনিবার (৭ নভেম্বর) ‘NCP’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘Nasima Akter’ নামের অ্যাকাউন্ট থেকে ‘কবর থেকে আজকে বের হয়েছে জোনায়েদ সাকি’ ক্যাপশনে ফটোকার্ডটি শেয়ার করা হয়। শেয়ার করা ওই ফটোকার্ডে এক হাজারের বেশি রিঅ্যাকশন এবং পাঁচ শতাধিক কমেন্ট ও শেয়ার রয়েছে।
আজকের পত্রিকার অনুসন্ধান
ফটোকার্ডটিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির একটি ছবি ব্যবহার করা হলেও তিনি কখন বা কোথায় এমন মন্তব্য করেছেন, তার কোনো নির্ভরযোগ্য তথ্য বা সূত্র উল্লেখ করা হয়নি। পরে মূলধারার জাতীয় গণমাধ্যম কিংবা তাঁর অফিশিয়াল ফেসবুক পেজ যাচাই করেও এ ধরনের কোনো বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে চলতি বছরের ১৬ সেপ্টেম্বর জোনায়েদ সাকির ভেরিফায়েডফেসবুক পেজে একটি পোস্টপাওয়া যায়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ওই দিন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সাংবাদিকদের সামনে সভার বিস্তারিত তুলে ধরেন। সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়সংবলিত ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ওই পোস্টে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত ফটোকার্ডে প্রতিমন্ত্রীর ব্যবহৃত ছবির মিল রয়েছে। একই তথ্য ও ছবি-সংবলিত প্রতিবেদনও গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশ করে।

ফটোকার্ডটির উৎস খুঁজতে গিয়ে ফেসবুকের ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি পেজে গত শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫৩ মিনিটে শেয়ার করা একটি পোস্ট পাওয়া যায়, যার সঙ্গে ভাইরাল হওয়া ফটোকার্ডের হুবহু মিল রয়েছে। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক বা ‘স্যাটায়ার’ পেজ। তথ্য-প্রমাণের তোয়াক্কা না করে পেজটি থেকে নিয়মিত কাল্পনিক ও ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়ে থাকে। সেই স্যাটায়ার পেজের একটি ফটোকার্ডকেই অনেকে সত্য হিসেবে বিশ্বাস করে ছড়িয়ে দিচ্ছেন।

শ্রমিকদের ২৫ হাজার টাকা মজুরি নিয়ে জোনায়েদ সাকি অতীতে কোনো বক্তব্য দিয়েছিলেন কি না, তা অনুসন্ধানে জাতীয় দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে ২০২৩ সালের ২৭ অক্টোবর প্রকাশিত ‘মজুরি ও ভোটের আন্দোলন এক করতে হবে: জোনায়েদ সাকি’ শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়।

ওই প্রতিবেদনে জানা যায়, জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি’ আয়োজিত সমাবেশে সংহতি প্রকাশ করে জোনায়েদ সাকি অবিলম্বে শ্রমিকদের জন্য ২৫ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, বাজারের জিনিসপত্রের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর এবং বিশেষ পরিস্থিতিতে তিন বছরের মাথায় শ্রমিকদের মজুরি পুনর্বিন্যাস বা সমন্বয়ের ব্যবস্থা থাকতে হবে।
সিদ্ধান্ত
বিএনপির আমলে জিনিসপত্রের দাম কম থাকায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির কোনো প্রয়োজন নেই—পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমন কোনো বক্তব্য দেননি। তাঁর নামে প্রচারিত ফটোকার্ডটি ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি প্যারোডি পেজে শেয়ার করা ফটোকার্ডের অনুরূপ। অর্থাৎ, প্যারোডি পেজে প্রকাশিত ফটোকার্ডটিকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।









