Ajker Patrika

ফ্যাক্টচেক /জাদু দেখানোর পুরোনো ভিডিওকে ফের ছাত্রলীগ নেতাকে হত্যা বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৭: ২৯
জাদু দেখানোর পুরোনো ভিডিওকে ফের ছাত্রলীগ নেতাকে হত্যা বলে প্রচার
ছাত্রলীগ নেতাকে হত্যার দাবিতে প্রচারিত ভিডিও। ছবি: স্ক্রিনশট

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে হত্যা করে গাছের মগডালে ঝুলিয়ে রেখেছে বিএনপির সন্ত্রাসীরা —এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে আরও দাবি করা হয়েছে, বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত মিলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করছে।

আলোচিত দাবিতে কয়েকটি পোস্ট আছে এখানে, এখানে, এখানেএবং এখানের।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরেও একই ভিডিও নাটোরে ছাত্রলীগ নেতা হত্যার দাবিতে প্রচার করা হয়।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ভিডিওতে এক যুবককে গলায় দড়ি দেওয়া অবস্থায় গাছের সঙ্গে ঝুলতে দেখা যায়। তাঁর চারপাশে মানুষের জমায়েতও রয়েছে। তবে ভিডিওটি স্পষ্ট না হওয়ায় পেছনের ভবনের লেখা বোঝা যায় না। ঘটনাটি কোথায় ঘটেছে, সে সম্পর্কেও কোনো তথ্যের উল্লেখ নেই।

ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে গত ৮ সেপ্টেম্বর ‘জাদু খেলার ভিডিও ছড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে গাছে ঝুলিয়ে হত্যার দাবি’ শিরোনামেএকটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, অনুসন্ধানে নাটোরে এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। পরে ভিডিওটির কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ‘MD Rasel’ নামের একটি ইউটিউব চ্যানেলে ‘প্রিয়জনকে না পেয়ে গলায় ফাঁস’ দাবিতে একই ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওতে গাছে ঝুলতে থাকা যুবকের পেছনের একটি ভবনে ‘চকশ্রীপুর এ এম উচ্চ বিদ্যালয়’ লেখা দেখা যায়। এ ছাড়া ভিডিওতে বড় আকৃতির রঙিন ছাতা ও প্লাস্টিকের বেলুন দেখা যায়, যা সাধারণত মেলা বা কোনো আয়োজনে দেখা যায়।

ভিডিওটিকে নাটোরের ঘটনা দাবি করা হলেও পেছনের ভবনে থাকা স্কুলের নামের সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, চকশ্রীপুর এ এম উচ্চবিদ্যালয় নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার চকশ্রীপুর গ্রামে অবস্থিত।

এই সূত্র ধরে চকশ্রীপুর এ এম উচ্চবিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া নম্বরে যোগাযোগ করা হয়। জানা যায়, নম্বরটি ওই বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী মো. সাদেকুল ইসলামের। তিনি আজকের পত্রিকাকে বলেন, ভিডিওটি আসলে জাদু খেলার। নবীজীর জন্মদিন (২৬ আগস্ট) উপলক্ষে স্কুল বন্ধ থাকার দিন স্কুলমাঠে এই খেলা দেখানো হয়। সেখানে কোনো হত্যা বা আত্মহত্যার ঘটনা ঘটেনি।

সিদ্ধান্ত

নওগাঁ জাদু দেখানোর একটি পুরোনো ভিডিওকে আবারও ছাত্রলীগ নেতাকে হত্যা দাবিতে প্রচার চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত