ফ্যাক্টচেক /জুমার নামাজের পর আ.লীগের মিছিলের দাবিতে পুরোনো ভিডিও প্রচার

জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, দেশ রক্ষায় ডিসেম্বরে ‘সুনামি আন্দোলনের’ প্রস্তুতি হিসেবে জুমার নামাজের পর মহড়া দিচ্ছে আওয়ামী লীগ। এ সময় ‘দেশ বাঁচাও, শ্রমিক বাঁচাও আন্দোলনে যোগ দিন’ বলেও আহ্বান জানানো হয়।
আলোচিত দাবিতে প্রচারিত কয়েকটি ভিডিও পাওয়া যায় এখানে, এখানেএবং এখানে।
পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য বলে মনে করেছেন।
আজকের পত্রিকার অনুসন্ধান
এই সূত্র ধরে অনুসন্ধানে রাজধানীর গুলিস্তানে অবস্থিত মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের পাশের এলাকার সঙ্গে ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়। তবে আলোচিত দাবির পক্ষে জাতীয় কোনো গণমাধ্যমে প্রতিবেদন কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে জানা যায়, এটি সাম্প্রতিক কোনো ঘটনার দৃশ্য নয়। ‘Joy Bangla’ নামের একটি ফেসবুক পেজসহ একাধিক প্রোফাইলে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর হুবহু একই ভিডিও শেয়ার করা হয়। সে সময় ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল—‘আওয়ামী লীগের প্রতি এই ভালোবাসার জোয়ার থামানোর সাধ্য এই সময়ে এসে আর কারো নেই’।

ভিডিওটি বাংলাদেশ হকি স্টেডিয়ামের পাশে ধারণ করা হলেও ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটি নিশ্চিত যে, ভিডিওটি আজকের নয়। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বা তার আগেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে রয়েছে।
সিদ্ধান্ত
জুমার নামাজের পর দেশ রক্ষায় ডিসেম্বরে ‘সুনামি আন্দোলনের’ প্রস্তুতি হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। মূলত পুরোনো ভিডিওকে নতুন করে আলোচিত দাবিতে ছড়ানো হচ্ছে।









