Ajker Patrika

নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থনের ঘোষণা দিল আরব জোট

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ২১: ৪৫
নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থনের ঘোষণা দিল আরব জোট
আরব জয়েন্ট লিস্টের কয়েক নেতা। ছবি: আল জাজিরা

গত সপ্তাহে অনুষ্ঠিত ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর বিরোধী নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জোটটি এই ঘোষণা দেয়।

এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানায়, স্থানীয় সময় আজ সন্ধ্যায় ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে তারা আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের দায়িত্ব গাদি আইজেনকটকে দেওয়ার সুপারিশ করবে।

গত সপ্তাহের নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে রেকর্ড ১৯টি আসন পেয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো। ফলে নতুন সরকার গঠনের ক্ষেত্রে তাদের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এর আগে আরও একটি গুরুত্বপূর্ণ আরব নেতৃত্বাধীন দল রা’আমও আইজেনকটকে সমর্থনের ঘোষণা দেয়। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের হিসাব অনুযায়ী, জয়েন্ট লিস্ট ও রা’আমের সমর্থন মিলিয়ে আইজেনকটের পক্ষে ৫৬ জন আইনপ্রণেতার সমর্থন প্রত্যাশিত।

অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের ৫৩টি আসন থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত নয়। অতি রক্ষণশীল দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি আসনের মধ্যে চারটির নিয়ন্ত্রণে থাকা দেগেল হা তোরাহ জানিয়েছে, তারা কোনো প্রার্থীকেই সমর্থনের সুপারিশ করবে না। হারেদি সম্প্রদায়ের পুরুষদের সামরিক বাহিনীর বাধ্যতামূলক সেবা থেকে অব্যাহতি দেওয়ার আইন পাসে নেতানিয়াহু সরকারের ব্যর্থতার কারণে দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নির্বাচনের আনুষ্ঠানিক ফল গ্রহণ করে সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। গতকাল বুধবার তিনি রিলিজিয়াস জায়োনিজম, জেহুত, শাস ও ইসরায়েল বেইতেনু দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

আলোচনা শেষে হারজগ সরকার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থীকে দায়িত্ব দেবেন। মনোনীত প্রার্থী ২৮ দিনের মধ্যে সরকার গঠনের সুযোগ পাবেন। প্রয়োজনে সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যাবে। কেউ সরকার গঠনে ব্যর্থ হলে আগামী বছরের শুরুতে আবার নির্বাচন হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত