Ajker Patrika

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ মার্চ ২০২৬, ১২: ০১
ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে
ফাইল ছবি

আজ দিন পেরোলেই আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনার পর ঈদের আনন্দ কাটাতে প্রস্তুতি সেরে ফেলেছেন অনেকে। চৈত্র মাসের এই সময়ে অনেকে আবার কর্মস্থল ছেড়ে নাড়ির টানে বাড়ির পথে। সবার ভাবনায় আছে—ঝড়বৃষ্টির মৌসুমে ঈদের দিনটি কেমন কাটবে।

তবে ঈদের দিন সারা দেশে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, ঈদের দিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে ভোরের দিকে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ৪০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। ভোরের পর কিছুটা বিরতি দিয়ে দুপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় কালবৈশাখী বা বৃষ্টির কারণ জানতে চাইলে জেবুন্নেসা বলেন, ‘এখন বর্ষা-পূর্ববর্তী সময়। বছরের এই সময়টাতে সাধারণত কালবৈশাখীসহ বৃষ্টি হয়ে থাকে এই অঞ্চলে। এর সঙ্গে বজ্রপাতও হয়ে থাকে। বছরের প্রথম কালবৈশাখীর আগে দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিও হয়ে থাকে। যেটা কয়েক দিন আগে হয়ে গেছে। আগামীকাল ঈদের দিন শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে সিলেট, সুনামগঞ্জ ও বগুড়া অঞ্চলের দিকে শিলাবৃষ্টি হতে পারে। অবশ্য এর সম্ভাবনা বেশ কম।’

ঈদের দিনের আবহাওয়া নিয়ে সুখবরও দিয়েছেন এই আবহাওয়াবিদ। তিনি বলেন, আগামীকাল বৃষ্টি হলে তাপমাত্রা বেশ কমে আসতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৯-২০ ডিগ্রির ঘরে।

এদিকে আগামীকাল ২১ মার্চের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর রাতের বেলা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘যুদ্ধের ব্যাপারে যদি আগে জানতাম, তাহলে ট্রাম্পের সঙ্গে কথা বলতাম’

ইরান এই যুদ্ধে হারবে না, ভারতের উচিত পাশে থাকা: সাবেক ‘র’ প্রধান

ইরানের আকাশে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১০০ মিলিয়ন ডলারের যুদ্ধবিমান

ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

‘আরটির সাংবাদিকদের ওপর ইসরায়েলি হামলা পরিকল্পিত’, কড়া প্রতিক্রিয়া রাশিয়ার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত