Ajker Patrika

দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৬: ২৩
দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত
রাজধানী ঢাকায় দিনভর বৃষ্টিতে নাকাল নগরবাসী। টানা বৃষ্টিতেও জনজীবন থেমে নেই। ছবিটি বিজয় সরণি থেকে তোলা। ছবি: ওমর ফারুক

শ্রাবণের দিনগুলোয় সারা দিন ঝরঝর বৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে ভারী বৃষ্টি ডেকে আনতে পারে বিপদ। এদিকে দেশের উত্তরাঞ্চলের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হলেও দেশের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রকাশিত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় আজ সোমবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

আবহাওয়া বুলেটিনে গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের খবরে বলা হয়েছে, রংপুরের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, ১৯৮ মিলিমিটার, যা অতিভারী বৃষ্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত