
শীত প্রায় শেষের দিকে। সাধারণত শীতের মৌসুমে বাতাস থাকে শুষ্ক। বেড়ে যায় ধূলিকণার পরিমাণ। আর এ কারণে বায়ুদূষণও বাড়তে থাকে। আজ শনিবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তালিকার সকাল ৯টার রেকর্ডে দেখা যায়, ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’।
বিশ্বের দূষিত শহরের তালিকার আজ ঢাকার অবস্থান দ্বিতীয়। আইকিউএয়ার বলছে, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২৩২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাসের নির্দেশক।
তবে রিয়েল টাইম একিউআই স্টেশন র্যাংকিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা দুর্যোগপূর্ণ অবস্থায় আছে। এর মধ্যে খিলক্ষেতের এএসএল সিস্টেমস লিমিটেডের বাতাস সবচেয়ে বেশি দূষিত।
এ ছাড়া র্যাঙ্কিং তালিকায় সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর থেকে খুব অস্বাস্থ্যকর বাতাসের মান রয়েছে যেসব এলাকায়—ইস্টার্ন হাউজিং, ধানমন্ডি, দক্ষিণ পল্লবী, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, সাভারের হেমায়েতপুর, বেজ এজওয়াটার আউটডোর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, পেয়ারাবাগ রেললাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম বিল্ডিং।
ঢাকার নিম্নমানের বাতাসের প্রধান কারণ হলো পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। এই অতিক্ষুদ্র কণাগুলো, যাদের ব্যাস ২.৫ মাইক্রোমিটারের চেয়েও কম, ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে হাঁপানি (অ্যাজমা) বৃদ্ধি, ব্রঙ্কাইটিস এবং হৃদ্রোগের মতো শ্বাসযন্ত্র ও হৃদ্যন্ত্রের গুরুতর অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
শীতকালীন আবহাওয়ার ধরন, যানবাহন ও শিল্প থেকে অনিয়ন্ত্রিত নির্গমন, চলমান নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলা এবং আশপাশের ইটভাটাগুলো এই দূষণ সংকটের জন্য দায়ী।
আইকিউএয়ারের তালিকায় আজ শীর্ষে রয়েছে মিসরের কায়রো। শহরটির আইকিউএয়ার স্কোর ৪৪৫, যা দুর্যোগপূর্ণ বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো ভারতের দিল্লি (১৯৪), পাকিস্তানের করাচি (১৯১) ও ভারতের কলকাতা (১৮৮)।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।
দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।
পাশাপাশি ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করতে বলা হয়েছে।
বাতাসের এই বিপজ্জনক পরিস্থিতিতে করণীয়
অত্যন্ত সংবেদনশীল গোষ্ঠী: শিশু, বয়স্ক, হৃদ্রোগ বা শ্বাসকষ্টের রোগীরা সব ধরনের ঘরের বাইরে না যাওয়াই ভালো।
সাধারণ সুস্থ ব্যক্তি: তাদের উচিত বাইরে কাটানো সময় সীমিত করা এবং শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলা।
যদি বাইরে বের হতে হয়, তবে অবশ্যই দূষণ রোধে কার্যকর মাস্ক ব্যবহার করুন।
ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন এবং দূষিত বাতাস প্রবেশ ঠেকাতে জানালা ও দরজা বন্ধ রাখুন।

মাঘ মাস শেষ হতে বাকি আরও কিছুদিন। এরই মধ্যে শীত পালিয়েছে বলা যায়। সকাল থেকেই দেখা যায় উজ্জ্বল রোদ। বাড়ছে তাপমাত্রাও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক এবং আকাশ পরিষ্কার থাকবে।
২ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার থেকে জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ‘Echoes of the Earth: Photography for the Planet’। ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ’ এবং ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)...
২০ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২। আজ তেঁতুলিয়ায় সকালের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪, রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে ১০।
১ দিন আগে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
১ দিন আগে