
চৈত্রের শেষ ভাগে দেশের বিভিন্ন এলাকায় গরম তীব্র হয়ে উঠেছে। এরই মধ্যে অন্তত ২২ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ভ্যাপসা গরমে জনজীবন যখন হাঁসফাঁস, এপ্রিলজুড়ে আরও কয়েক দফা তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্বস্তিকর গরম আরও কয়েক দিন থাকতে পারে। তাপমাত্রার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি আরও তীব্র হচ্ছে।
আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় কোথাও কোথাও তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা থাকে ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, মাঝারি তাপপ্রবাহে তা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি, আর তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
তবে এপ্রিলে শুধু গরমই নয়, হতে পারে ঝড়বৃষ্টি। দেশের বিভিন্ন স্থানে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
সমুদ্র পরিস্থিতি নিয়েও সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বঙ্গোপসাগরে এ মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
যদিও সার্বিকভাবে এপ্রিল মাসে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে, তবু তাপপ্রবাহ, ভ্যাপসা গরম এবং ঝড়বৃষ্টির পালাবদলে মাসজুড়ে আবহাওয়ায় অস্থিরতা থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও এর আশপাশের অঞ্চলে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।
৯ ঘণ্টা আগে
ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমতির দিকে। আজ সোমবার (১৮ মে) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারে দেখা যায়, ঢাকার বাতাসে দূষণ সহনীয় পর্যায়ে রয়েছে।
১ দিন আগে
রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
২ দিন আগে
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর। আজ শনিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৩ দিন আগে