কার্তিক মাসের প্রথম দিন আজ কেমন থাকবে আবহাওয়া

বিদায় নিয়েছে আশ্বিন মাস। আজ পয়লা কার্তিক। হেমন্তের প্রথম দিন ভোরবেলা থেকে প্রকৃতির মেজাজ বেশ শান্ত। সকালে মিষ্টি রোদ উঠেছে, বইছে হালকা বাতাস। আশ্বিনের শেষ দিনে গতকাল শুক্রবার বৃষ্টির দেখাও তেমন মেলেনি। এদিন পটুয়াখালীতে সর্বোচ্চ দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর ফেনী ও চট্টগ্রামে এক মিলিমিটার। এ ছাড়া সারা দেশ ছিল বৃষ্টিহীন আর শুষ্ক। তবে দুপুরের পর কিছুটা গরম পড়েছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৫ দশমিক ৯, রাজধানী ঢাকায় ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শনিবার আবহাওয়া থাকতে পারে শুষ্ক। তাপমাত্রাও অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
গতকাল আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বেলা ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের অঞ্চলে বৃষ্টি হয়নি।









