Ajker Patrika

পানির ট্যাংকের ওপর লক্ষ্মী প্যাঁচার সংসার—নিউইয়র্কে পর্যটকদের নতুন আকর্ষণ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ২৩: ৪২
পানির ট্যাংকের ওপর লক্ষ্মী প্যাঁচার সংসার—নিউইয়র্কে পর্যটকদের নতুন আকর্ষণ
ছবি: এক্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে একটি ভবনের পানির ট্যাংকের ওপর বাসা বেঁধেছে বিরল প্রজাতির একদল বার্ন আউল বা লক্ষ্মীপ্যাঁচা। তাদের ডাক, চিৎকার আর বিচরণে এলাকাটি এখন পর্যটক, আলোকচিত্রী ও পাখিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক ইতিহাসে ম্যানহাটনে এই প্রজাতির প্যাঁচার বাসা বাঁধার প্রথম নথিভুক্ত ঘটনা এটি।

গত ৬ অক্টোবর স্থানীয় সংবাদমাধ্যমকে বিষয়টি জানান আপার ওয়েস্ট সাইডের বাসিন্দা এলিজাবেথ উইলিয়ামস। এলিজাবেথ ও তাঁর স্বামীর নজরে আসে, একটি ভবনের ছাদের পানির ট্যাংকের ওপর একাধিক প্যাঁচা অবস্থান করছে। এর কয়েক দিন আগেও তাঁরা নিজেদের অ্যাপার্টমেন্টের জানালার কার্নিশে একটি প্যাঁচা দেখেছিলেন।

উইলিয়ামস বলেন, ম্যানহাটনের মতো জায়গায় সাধারণত প্রকৃতির কাছাকাছি যেতে বিশেষ চেষ্টা করতে হয়। অথচ এবার প্রকৃতি যেন তাঁদের জানালার বাইরেই এসে ধরা দিয়েছে।

কর্নেল বিশ্ববিদ্যালয়ের ল্যাব অব অর্নিথোলজির পরিযায়ী পাখিবিষয়ক পরিবেশবিদ অ্যান্ড্রু ফার্নসওয়ার্থ ঘটনাটিকে অত্যন্ত বিস্ময়কর বলে বর্ণনা করেছেন। তাঁর ভাষ্য, পাখি পর্যবেক্ষকদের সম্মিলিত জ্ঞান অনুযায়ী, নথিভুক্ত ইতিহাসে ম্যানহাটনে এ ধরনের প্যাঁচার বাসা থাকার নজির জানা নেই।

Untitled-2

ম্যানহাটনভিত্তিক পাখিপ্রেমী ডেভিড ব্যারেট জানিয়েছেন, তিনি পানির ট্যাংকের কাছে অন্তত একটি পূর্ণবয়স্ক প্যাঁচা ও পাঁচটি উড়তে শেখা ছানা দেখেছেন। তাঁর পর্যবেক্ষণে, একটি পূর্ণবয়স্ক প্যাঁচাকে ইঁদুর নিয়ে বাসায় ফিরতেও দেখা গেছে। সেখানে দুটি পূর্ণবয়স্ক প্যাঁচা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কয়েকজন আলোকচিত্রী ছয়টি ছানা দেখার দাবিও করেছেন।

নিউইয়র্ক বার্ড অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জেসিকা উইলসনের মতে, প্যাঁচার নিশাচর স্বভাব, রহস্যময় উপস্থিতি এবং সচরাচর চোখে না পড়ার কারণেই মানুষ এদের প্রতি আকৃষ্ট হয়। এমনকি সাধারণ পথচারীরাও এখন সন্ধ্যার পর প্যাঁচাগুলো দেখার আশায় রাস্তায় ভিড় করছেন।

তবে এই বিরল পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। নিউইয়র্কের পরিবেশ সংরক্ষণ দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যটিতে লক্ষ্মী প্যাঁচার সংখ্যা উদ্বেগজনক হারে কমেছে। পাখিপ্রেমীরা আশঙ্কা করছেন, ইঁদুর মারার বিষ প্রয়োগ করা প্রাণী খেলে প্যাঁচাগুলোও বিষক্রিয়ার শিকার হতে পারে।

এর আগে নিউইয়র্কে ফ্ল্যাকো নামের একটি ইউরেশীয় ঈগল প্যাঁচা এবং পঞ্চম অ্যাভিনিউতে দীর্ঘদিন বাসা বাঁধা ‘পেলে মেল’ নামের একটি লাল লেজের বাজপাখি নগরবাসীর ভালোবাসা পেয়েছিল। এবার পানির ট্যাংকের ওপর গড়ে ওঠা লক্ষ্মী প্যাঁচার পরিবারের উপস্থিতি আবারও মনে করিয়ে দিচ্ছে—কংক্রিটের মহানগরেও বন্য প্রকৃতি তার বিস্ময় নিয়ে বেঁচে থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত