‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আর্ক ব্যান্ডের হাসানের ওপর বোতল নিক্ষেপের ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রতিবাদে সরব সংগীতাঙ্গনের লোকজন। ব্যান্ডশিল্পীদের সংগঠন বামবাসহ সংগীতশিল্পীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন। আয়োজকদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তবে বিষয়টি নিয়ে বিচলিত নন হাসান। তিনি বলেন, কিছু মনে করেননি তিনি। তবে ভবিষ্যতে অন্য কোনো শিল্পীর সঙ্গে যেন এমনটা না ঘটে, সেই অনুরোধ জানিয়েছেন হাসান।
হাসান বলেন, ‘এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। আমি আমার দর্শক-শ্রোতাদের খুব ভালোবাসি। কেউ ভুল করলে করতে পারে। কিন্তু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছি। কিছু মনে করিনি। তবে সবাই এই ঘটনায় কষ্ট পেয়েছে। এ ধরনের ঘটনা যেন অন্য কোনো শিল্পীর সঙ্গে আর না ঘটে।’
হাসান আরও বলেন, ‘আয়োজকেরা সমস্যায় ছিল। তাদের অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে। ওরা সব সময় আমাকে ঘিরেই ছিল। একটা ভালো প্রোগ্রাম করতে গেলে বাধা আসবেই। ওপেন এয়ার কনসার্টে কিছু বিশৃঙ্খলা হতেই পারে। আগেও অনেক কনসার্টে দেখেছি। কিন্তু এবারের ঘটনা একেবারে অপ্রত্যাশিত ছিল। মুখের ওপর বোতল ছুড়ে মারার মতো ঘটনা আগে হয়নি। বিব্রত হলেও কিছু মনে করিনি। আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে যেন কারও সঙ্গে এমনটা না হয়।’
এমন অপ্রীতিকর ঘটনার পর ফেসবুকে ব্যাখ্যা দিয়ে আর্ক ব্যান্ডের কাছে ক্ষমা চেয়েছে বর্ষা বিপ্লবের গান কনসার্টের আয়োজক মুনসুন কালচারাল অ্যালায়েন্স। ফেসবুকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘বর্ষা বিপ্লবের গান কনসার্টে হাসান ভাইয়ের সঙ্গে ঘটা অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে আর্ক ব্যান্ডের কাছে ক্ষমা প্রার্থনা করি।...আর্ক ব্যান্ডের কোটি কোটি ভক্ত-অনুরাগী ও শ্রোতা আছেন, যাঁরা এই ঘটনায় মর্মাহত হয়েছেন। আমরা তাঁদের কাছেও আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
কনসার্টে নিরাপত্তাব্যবস্থার ব্যাখ্যা দিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘স্থান ও জনসমাগমের কথা মাথায় রেখে স্টেজের মূল ভাগ নিরাপদ রাখার জন্য তিন স্তরের মজবুত নিরাপত্তাবেষ্টনী প্রস্তুত করা হয়। পুলিশ প্রশাসন, পর্যাপ্ত এলিট ফোর্স, বাউন্সার এবং শতাধিক ভলান্টিয়ার নিয়োজিত ছিল। এরপরও সন্ধ্যা-পরবর্তী সময়ে একদল উগ্র শ্রোতা সকল নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলে এবং পুলিশ প্রশাসনসহ আমাদের ভলান্টিয়ারদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করে মূল অংশে ঢুকে পড়ে। লাখ লাখ মানুষের সমাগম ও পরিস্থিতি বিবেচনায় আমাদের মনে হয়েছে এই ক্রাউডকে ভিন্ন কোনো পন্থায় বাধা দিতে গেলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই এভাবেই শো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। এই অবস্থায় আর্ক ব্যান্ডের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। অনভিপ্রেত মুহূর্তটির জন্য আমরা সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ওই ওপেন এয়ার কনসার্টে হাসান যখন ‘এত কষ্ট কেন ভালোবাসায়’ গাইছিলেন, তখন দর্শকদের সারি থেকে ছোড়া একটি বোতল উড়ে এসে তাঁর মুখে লাগে। এতে হতবাক ও বিব্রত হন হাসান, গান থামিয়ে দেন। তবে পরক্ষণেই আবার গান গাওয়া চালিয়ে যান।
হাসানের প্রশংসা করে আয়োজকেরা বলেন, ‘অপ্রত্যাশিত ঘটনা ঘটার পরও হাসান ভাই উপস্থিত শ্রোতাদের নিরাশ করেননি, বরং তিনি তাঁর শিল্পীসত্তাকে সামনে রেখে শেষ পর্যন্ত পারফরম্যান্স চালিয়ে গেছেন, যা উপস্থিত সকলের হৃদয় ছুঁয়েছে।’
দোষী ব্যক্তিদের শাস্তির বিষয়ে আয়োজকেরা বলেন, ‘শ্রোতা নামধারী এই দুষ্কৃতকারীদের ব্যাপারে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এ ধরনের ধৃষ্টতার বিচার যেকোনো মূল্যে হওয়া প্রয়োজন। এই অপকর্মের সঙ্গে যে বা যারা জড়িত, তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত আমরা আর কোনো কনসার্টের আয়োজন করব না।’

বাংলা সিনেমার মহানায়িকা বলা হয় সুচিত্রা সেনকে। রূপে, লাবণ্যে আর অভিনয়গুণে বাঙালিদের হৃদয়ে আজও তিনি অমলিন। সেই সুচিত্রা সেনের নামে গান লিখেছেন জনপ্রিয় গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী।
২ ঘণ্টা আগে
তৃতীয় সিজন দিয়ে গত বছর শেষ হয়েছে জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’। সিরিজটির অভূতপূর্ব সাফল্যের পর এর আমেরিকান সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছিল নেটফ্লিক্স। ডেভিড ফিঞ্চারের পরিচালনায় এই স্পিন-অফ প্রকল্পটি তৈরির কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বলিউড পেরিয়ে হলিউডে নিজের ক্যারিয়ার ক্রমেই বিস্তৃত করছেন প্রিয়াংকা চোপড়া। এস এস রাজামৌলির ‘বারাণসী’ নিয়ে যখন ভক্তদের অপেক্ষা তুঙ্গে, তখন নতুন এক হলিউড প্রজেক্টের ঘোষণা দিয়ে চমকে দিলেন অভিনেত্রী। ‘প্রেডেটরস’খ্যাত পরিচালক নিমরোড আনতালের ‘ব্লুফাই’ সিনেমায় দেখা যাবে তাঁকে।
২ ঘণ্টা আগে
একটি রুদ্ধদ্বার মিলনায়তন মুহূর্তের মধ্যে পরিণত হয় একটি প্রতীকী আদালতে। সেখানে বিচার হচ্ছে। কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে কে? কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র, নাকি আমাদের নীরব বিবেক? এই প্রশ্নকে কেন্দ্র করে নাটকটি ধীরে ধীরে উন্মোচন করে রাষ্ট্র, ইতিহাস, স্মৃতি এবং মানুষের অস্তিত্বের সংকটকে।
১১ ঘণ্টা আগে