বলিউড পেরিয়ে হলিউডে নিজের ক্যারিয়ার ক্রমেই বিস্তৃত করছেন প্রিয়াংকা চোপড়া। এস এস রাজামৌলির ‘বারাণসী’ নিয়ে যখন ভক্তদের অপেক্ষা তুঙ্গে, তখন নতুন এক হলিউড প্রজেক্টের ঘোষণা দিয়ে চমকে দিলেন অভিনেত্রী। ‘প্রেডেটরস’খ্যাত পরিচালক নিমরোড আনতালের ‘ব্লুফাই’ সিনেমায় দেখা যাবে তাঁকে। বিজ্ঞান কল্পকাহিনি ও অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমায় প্রিয়াঙ্কা প্রথমবারের মতো অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে।
সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, ব্লুফাই সিনেমার গল্পের প্রেক্ষাপট কঙ্গোর গভীর অরণ্য। জাতিসংঘে কর্মরত এক অনুবাদককে গোপন সামরিক অভিযানে পাঠানো হয় সেখানে। তাকে উদ্ধার করতে হবে বিধ্বস্ত একটি সামরিক বিমান, যার অস্তিত্ব সরকারি নথিতে নেই।
স্পেশাল অপারেশন টিমকে সঙ্গে নিয়ে সশস্ত্র মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকা পার হয়ে এগোতে থাকে সে। কিন্তু দুর্ঘটনাকবলিত বিমানটির যত কাছাকাছি তারা পৌঁছাতে থাকে, ততই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর রহস্য। শেষ পর্যন্ত মিশনটি শুধুই উদ্ধার অভিযান থাকে না, বরং পরিণত হয় বেঁচে থাকার মরিয়া লড়াইয়ে।

ব্লুফাই সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক। আগামী সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে সিনেমাটির বিশ্বব্যাপী পরিবেশন স্বত্ব বিক্রির কার্যক্রম শুরু করবে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক নিমরোড আনতাল বলেন, ‘ব্লুফাই হচ্ছে সাই-ফাই উপাদানে মোড়ানো উত্তেজনাপূর্ণ ও চরিত্রকেন্দ্রিক থ্রিলার। বাস্তবসম্মত, তীব্র গতিময় ও গা ছমছমে অনুভূতিতে ঘেরা গল্প, ঠিক এমন সিনেমাই আমি সব সময় বানাতে চাই। এই গল্প পর্দায় ফুটিয়ে তোলার জন্য রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো অসাধারণ অভিনয়শিল্পীদের সঙ্গে পেয়ে আমি আপ্লুত।’
চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ব্লুফাই সিনেমাটির শুটিং শুরু হবে।

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আর্ক ব্যান্ডের হাসানের ওপর বোতল নিক্ষেপের ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রতিবাদে সরব সংগীতাঙ্গনের লোকজন। ব্যান্ডশিল্পীদের সংগঠন বামবাসহ সংগীতশিল্পীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন। আয়োজকদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
বাংলা সিনেমার মহানায়িকা বলা হয় সুচিত্রা সেনকে। রূপে, লাবণ্যে আর অভিনয়গুণে বাঙালিদের হৃদয়ে আজও তিনি অমলিন। সেই সুচিত্রা সেনের নামে গান লিখেছেন জনপ্রিয় গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী।
২ ঘণ্টা আগে
তৃতীয় সিজন দিয়ে গত বছর শেষ হয়েছে জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’। সিরিজটির অভূতপূর্ব সাফল্যের পর এর আমেরিকান সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছিল নেটফ্লিক্স। ডেভিড ফিঞ্চারের পরিচালনায় এই স্পিন-অফ প্রকল্পটি তৈরির কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।
২ ঘণ্টা আগে
একটি রুদ্ধদ্বার মিলনায়তন মুহূর্তের মধ্যে পরিণত হয় একটি প্রতীকী আদালতে। সেখানে বিচার হচ্ছে। কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে কে? কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র, নাকি আমাদের নীরব বিবেক? এই প্রশ্নকে কেন্দ্র করে নাটকটি ধীরে ধীরে উন্মোচন করে রাষ্ট্র, ইতিহাস, স্মৃতি এবং মানুষের অস্তিত্বের সংকটকে।
১১ ঘণ্টা আগে