Ajker Patrika

শেষবারের মতো জ্যাক স্প্যারো হয়ে ফিরতে চান জনি ডেপ

বিনোদন ডেস্ক
শেষবারের মতো জ্যাক স্প্যারো হয়ে ফিরতে চান জনি ডেপ
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় জনি ডেপ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ কি আবার ফিরবে? হলিউডের জনপ্রিয় এ সিনেমা সিরিজের নতুন পর্ব নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। ২০১৭ সালে সর্বশেষ পর্ব ‘ডেড মেন টেল নো টেলস’ মুক্তির পর থেকে জল্পনা চলছিল ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ নিয়ে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ আইকনিক জ্যাক স্প্যারো চরিত্রে ফেরার সম্ভাবনা নিয়ে নীরবতা ভাঙলেন জনি ডেপ।

নিজের আসন্ন সিনেমা ‘এবেনেজার’-এর প্রচারণায় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে জনি ডেপ জানিয়েছেন, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের একটি সুন্দর সমাপ্তি দেওয়ার জন্য তিনি আবারও জলদস্যুর পোশাকে পর্দায় ফিরতে চান।

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের প্রযোজক ও দীর্ঘদিনের বন্ধু জেরি ব্রুকহেইমারের কোনো প্রস্তাব তিনি ফেরাবেন না বলেও জানিয়েছেন জনি ডেপ। তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিটি কীভাবে শেষ হবে, সে বিষয়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে আমি শুধু গল্পটির একটি সুন্দর সমাপ্তি দেওয়ার জন্যই এতে যুক্ত হতে চাই। জেরির যেকোনো কাজে আমি যেকোনো মুহূর্তে যোগ দিতে রাজি। কারণ, তাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে।’

গত বছর প্রযোজক জেরি ব্রুকহেইমারও নিশ্চিত করেছিলেন, নতুন পাইরেটস সিনেমা নিয়ে ডেপের সঙ্গে তাঁর কথা হয়েছে। চিত্রনাট্য পছন্দ হলে ডেপ এতে কাজ করবেন বলে তিনি আশাবাদী ছিলেন। বর্তমানে জেফ নাথানসনের চিত্রনাট্যে সিনেমাটির কাজ এগোচ্ছে। ব্রুকহেইমার জানিয়েছিলেন, চিত্রনাট্যের শেষ ভাগটি দুর্দান্ত হয়েছে, এখন প্রথম ও দ্বিতীয় অংশ ঘষামাজা চলছে।

জলদস্যু জ্যাক স্প্যারো চরিত্রে কখনো ভয়ংকর, আবার কখনো হাস্যকর কাণ্ডকারখানা করে দর্শকদের মুগ্ধ করেছেন জনি ডেপ। ২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাইরেটস সিরিজের পাঁচটি সিনেমায় দেখা দিয়েছেন তিনি। প্রতিটি পর্ব বক্স অফিসে ৬৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। সব মিলিয়ে পাঁচটি সিনেমার বক্স অফিস কালেকশন ৪ দশমিক ৫ বিলিয়নের বেশি। এর মধ্যে ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ডেড ম্যানস চেস্ট’ এবং ২০১১ সালের ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ দুটিই অতিক্রম করেছে এক বিলিয়ন ডলার আয়ের রেকর্ড।

সে ধারাবাহিকতায় ষষ্ঠ পর্বটি তৈরি হওয়ার কথা চলছিল ২০১৭ সাল থেকে। কিন্তু বিপত্তি বাধে জনি ডেপের সাবেক স্ত্রী হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের মামলাকে কেন্দ্র করে। ২০১৮ সালে ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন অ্যাম্বার হার্ড। এর পর হলিউডের অনেক নির্মাতা জনি ডেপকে বর্জন করেন। অনেক সিনেমা থেকে বাদ পড়েন তিনি। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি পিকচার্স থেকেও ডেপকে বাদ দেওয়া হয়।

তবে ২০২২ সালে অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলায় ডেপের পক্ষে রায় আসে। সেই দীর্ঘ আইনি জটিলতা ও বিরতি কাটিয়ে চলতি মাসেই প্যারামাউন্টের সিনেমা ‘এবেনেজার’ দিয়ে সিনেমার মূল চরিত্রে ফিরছেন জনি ডেপ। এ ছাড়া লায়ন্সগেটের আসন্ন থ্রিলার ‘ডে ড্রিংকার’-এর মূল ভূমিকাতেও দেখা যাবে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত