সান ফ্রান্সিসকোর তরুণী মেলানি এক যুবকের খোঁজে ক্যালিফোর্নিয়ার ছোট্ট উপকূলীয় শহর বোডেগা বেতে আসে। কিন্তু সেখানে পৌঁছানোর পর ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। শহরের নিরীহ পাখিরা হঠাৎ দল বেঁধে মানুষের ওপর আক্রমণ শুরু করে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে পাখিদের হাত থেকে বাঁচতে শুরু হয় মানুষের বেঁচে থাকার মরিয়া লড়াই। এমন কাহিনি নিয়ে ১৯৬৩ সালে আলফ্রেড হিচকক বানিয়েছিলেন কালজয়ী থ্রিলার ‘দ্য বার্ডস’।
পাখিদের আক্রমণের সেই ভয়ংকর গল্প আবারও ফিরছে পর্দায়। তবে এবার সিনেমা নয়, তৈরি হচ্ছে সিরিজ আকারে। হিচককের ক্লাসিক সিনেমা এবং ড্যাফনে ডু মরিয়ের মূল উপন্যাসের ওপর ভিত্তি করে একটি নতুন লিমিটেড সিরিজ নির্মাণ করতে যাচ্ছে এইচবিও। এই রিমেকের মূল চরিত্রে অভিনয় করবেন ‘সাকসেশন’খ্যাত অভিনেত্রী সারাহ স্নুক।
নতুন সিরিজের গল্পটি সাজানো হয়েছে একদম সমসাময়িক প্রেক্ষাপটে। সিরিজে সারাহ স্নুক অভিনয় করবেন মাইরা ম্যাসি নামের এক মায়ের ভূমিকায়। সন্তানের অভিভাবকত্ব নিয়ে তিক্ত আইনি লড়াই শেষে মেয়েকে নিয়ে নিজ শহরে ফেরে মাইরা। এসেই ছোটবেলার এক বন্ধুর রহস্যজনক অন্তর্ধানের তদন্তে নামে। একদিকে এক খুনি ধরাছোঁয়ার বাইরে, অন্যদিকে বাড়ছে মাইরার জীবনের ঝুঁকি। এ পরিস্থিতিতে আরেক ভয়ংকর বিপদের মুখে পড়ে সে। শুরু হয় প্রাণঘাতী পাখির আক্রমণ। এই পাখির আক্রমণের সঙ্গে কি যোগসূত্র আছে ওই অন্তর্ধান রহস্যের?
সিরিজটির চিত্রনাট্য লিখেছেন টম স্পেজিয়ালি, যিনি এইচবিওর ‘ওয়াচমেন’ এবং ‘দ্য লেফটওভারস’-এর নির্বাহী প্রযোজক ছিলেন। তাঁর সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ‘হ্যারি পটার’খ্যাত ডেভিড হেইম্যান এবং অভিনেত্রী সারাহ স্নুক।
হিচককের এই মাস্টারপিস নতুন করে নির্মাণের চেষ্টা এবারই প্রথম নয়। এর আগে ২০০৭ সালে নাওমি ওয়াটসকে মূল চরিত্রে রেখে মার্টিন ক্যাম্পবেলের পরিচালনায় একটি ফিচার ফিল্ম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে ২০১৭ সালে বিবিসির জন্য একটি সিরিজ নির্মাণের ঘোষণা আসে। তবে দীর্ঘ সময় পার হলেও কোনোটিই আলোর মুখ দেখেনি। অবশেষে এইচবিওর হাত ধরে হিচককের থ্রিলারটি পূর্ণাঙ্গ সিরিজ হিসেবে পর্দায় আসতে যাচ্ছে।










