Ajker Patrika

২০ সিজনে শেষ হচ্ছে ‘ক্রিমিনাল মাইন্ডস’

বিনোদন ডেস্ক
২০ সিজনে শেষ হচ্ছে ‘ক্রিমিনাল মাইন্ডস’
‘ক্রিমিনাল মাইন্ডস’ সিরিজের দৃশ্য। ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশকের সফল পথচলার পর অবশেষে শেষ হতে যাচ্ছে জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘ক্রিমিনাল মাইন্ডস’। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে ২০তম সিজন মুক্তির মধ্য দিয়েই শেষ হবে প্যারামাউন্ট প্লাসের এই সিরিজ।

সিরিজটির শো-রানার ও নির্বাহী প্রযোজক এরিকা মেসার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘টানা দুই দশক ধরে চলা ক্রিমিনাল মাইন্ডসের এই অসাধারণ যাত্রা আমাদের কাছে কতটা স্পেশাল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। শোয়ের দুর্দান্ত টিম ও অগণিত ভক্তের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ, তাঁদের ভালোবাসায় এটি এত দূর এসেছে। আমরা সবার সঙ্গে ২০তম সিজনটি ভাগ করে নেওয়ার এবং এই সিরিজের বিদায়বেলা উদ্‌যাপনের অপেক্ষায় আছি।’

ক্রিমিনাল মাইন্ডসের শেষ সিজনে ফিরছেন জো ম্যান্টেনিয়া, এ জে কুক, কার্স্টেন ভ্যাংসনেস, আয়েশা টাইলার, আরজে হাতানাকা, অ্যাডাম রদ্রিগেজ ও প্যাগেট ব্রুস্টার।

২০০৫ সালের সেপ্টেম্বরে সিবিএস নেটওয়ার্কে সম্প্রচার শুরু হয় ক্রিমিনাল মাইন্ডসের। এফবিআইয়ের বিহেভিয়ারাল অ্যানালাইসিস ইউনিটের কর্মকর্তাদের শ্বাসরুদ্ধকর অভিযান নিয়েই সিরিজটির গল্প। অন্য ক্রাইম সিরিজগুলোতে সাধারণত ফরেনসিক প্রমাণ বা সরাসরি অ্যাকশনের ওপর বেশি জোর দেওয়া হয়। তবে এই সিরিজে গুরুত্ব পেয়েছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে অপরাধ সমাধানের পদ্ধতি।

এফবিআইয়ের এই বিশেষ দলের সদস্যরা প্রতিটি কেসে অজানা অপরাধীদের কাজের ধরন, উদ্দেশ্য ও মানসিক গঠন বিশ্লেষণ করেন। অপরাধী কে, তার চেয়ে সে কেন অপরাধ করছে এবং তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে—সেটি আগে থেকেই অনুমান করে সম্ভাব্য শিকারকে বাঁচানোই থাকে তাদের মূল লক্ষ্য। সিরিয়াল কিলারদের অন্ধকার মনোজগতের নিখুঁত বিশ্লেষণ এবং মনস্তাত্ত্বিক এই থ্রিলই সিরিজটিকে দর্শকদের কাছে এত জনপ্রিয় করে তুলেছে।

জেফ ডেভিসের তৈরি এই সিরিজটি ২০২০ সালে ১৫তম সিজন পর্যন্ত সিবিএস নেটওয়ার্কে প্রচারিত হয়। এরপর প্ল্যাটফর্ম বদলে ২০২২ সালে ‘ক্রিমিনাল মাইন্ডস: ইভল্যুশন’ নামে প্যারামাউন্ট প্লাসে সিরিজটির নতুন যাত্রা শুরু হয়। সিরিজটি শেষ হওয়ার পরও এর সব সিজন প্যারামাউন্ট প্লাসে স্ট্রিমিংয়ের জন্য উন্মুক্ত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত