
ওপেনএআইর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের জীবনের নাটকীয় অধ্যায় নিয়ে নির্মিত সিনেমা ‘আর্টিফিশিয়াল’ মুক্তি দেবে না আমাজন। সিনেমাটি থেকে আকস্মিকভাবে সরে দাঁড়িয়েছে আমাজন এমজিএম স্টুডিওস। অস্কার মনোনীত পরিচালক লুকা গুয়াদাইনিনো পরিচালিত এবং অ্যান্ড্রু গারফিল্ড অভিনীত সিনেমাটির শুটিং শেষ হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত এল।
তবে এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে কোনো শৈল্পিক কারণ নেই, বরং কাজ করছে এক বিশাল টেক-ব্যবসায়িক স্বার্থ। গত ফেব্রুয়ারি মাসে ওপেনএআইর সঙ্গে আমাজনের প্রায় ৫০ বিলিয়ন ডলারের একটি ঐতিহাসিক অংশীদারত্ব চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় আমাজনের ওয়েব সার্ভিসেস ব্যবহার করবে ওপেনএআই এবং যৌথভাবে কাস্টম এআই মডেল তৈরি করা হবে।
এত বড় ব্যবসায়িক চুক্তি সই করার পর নিজেদেরই অংশীদার প্রতিষ্ঠানের প্রধানকে নিয়ে তৈরি কোনো সমালোচনাধর্মী সিনেমা প্রকাশ করা আমাজনের জন্য বড় ধরনের স্বার্থের সংঘাত তৈরি করত। সে কারণেই প্রজেক্টটি থেকে সরে দাঁড়িয়েছে আমাজন এমজিএম স্টুডিওস।
আর্টিফিশিয়াল সিনেমার চিত্রনাট্য লিখেছেন সাইমন রিচ। এর মূল গল্প আবর্তিত হয়েছে ২০২৩ সালের সেই আলোচিত ও বিতর্কিত সময়কে কেন্দ্র করে, যখন আচমকা স্যাম অল্টম্যানকে ওপেনএআইর সিইও পদ থেকে বহিষ্কার করা হয়েছিল এবং কয়েক দিনের নাটকীয়তা শেষে তিনি আবার নিজের পদে পুনর্বহাল হন।
আর্টিফিশিয়াল সিনেমায় স্যাম অল্টম্যানের চরিত্রে অভিনয় করেছেন ‘স্পাইডার-ম্যান’খ্যাত অ্যান্ড্রু গারফিল্ড। এ ছাড়া ইলন মাস্কের চরিত্রে আইক ব্যারিনহোল্টজ, ওপেনএআইর সাবেক সিটিও মিরা মুরাতির চরিত্রে মনিকা বারবারো, কোম্পানির সাবেক প্রধান বিজ্ঞানী ইলিয়া সুতস্কেভারের চরিত্রে ইউরা বরিসভসহ অনেক তারকাশিল্পী অভিনয় করেছেন এ সিনেমায়।
সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, আমাজন এই প্রজেক্ট বাতিল করার আগে সিনেমাটির বেশ কয়েকটি টেস্ট স্ক্রিনিং হয়েছে। দর্শকেরা সিনেমাটি দেখার পর ইতিবাচক সাড়া দিয়েছিলেন।
আর্টিফিশিয়াল সিনেমাটি দেখেছেন এমন একজনের বরাত দিয়ে সংবাদে উল্লেখ করা হয়েছে, এই সিনেমায় স্যাম অল্টম্যান এবং ইলন মাস্কের চরিত্র দুটিকে খুব একটা সহানুভূতিশীল বা ইতিবাচকভাবে ফুটিয়ে তোলা হয়নি।
এই সিদ্ধান্তের পর আমাজনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্মাতা লুকা গুয়াদাইনিনোর প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। তাঁর সঙ্গে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক এবং আমরা ভবিষ্যতে একসঙ্গে আরও কাজ করতে চাই। তবে আমাদের বিশ্বাস, আর্টিফিশিয়াল সিনেমাটি যদি অন্য কোনো স্টুডিও থেকে মুক্তি পায়, তবেই এটি সবচেয়ে ভালো মূল্যায়ন পাবে। আমরা চলচ্চিত্র নির্মাণ দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে সিনেমাটির জন্য একটি নতুন ঠিকানা খুঁজে পাওয়া যায়।’
ইতিমধ্যেই আর্টিফিশিয়াল সিনেমার শুটিং ও অন্যান্য কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখন প্রেক্ষাগৃহে মুক্তির জন্য অন্য প্রযোজনা সংস্থা খুঁজছেন এর নির্মাতারা।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
৩ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
৩ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
৩ ঘণ্টা আগে