মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে মিলে ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন পপতারকা সেলেনা গোমেজ। তবে প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মাথায় এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন তিনি। সম্প্রতি প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে সেলেনার বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন ওয়ান্ডারমাইন্ড গ্লোবালের পাঁচজন বিনিয়োগকারী।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউইয়র্ক ও ফ্লোরিডাভিত্তিক এই বিনিয়োগকারীদের দাবি, সেলেনার অবহেলার কারণে প্রতিষ্ঠানটি দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে। মামলায় তাঁরা তাঁদের বিনিয়োগ করা প্রায় ১২ লাখ ডলার ফেরত চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেছেন।
বিনিয়োগকারীদের অভিযোগ অনুযায়ী, সেলেনা ব্র্যান্ডটির প্রসারে সক্রিয় ভূমিকা রাখবেন এবং প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করবেন বলে চুক্তি করেছিলেন। তাঁর কথা এবং সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতিতে ভরসা করেই বিনিয়োগকারীরা এতে অর্থ বিনিয়োগ করেন। তবে পরবর্তী সময়ে ব্র্যান্ডটির প্রসারে কোনো কার্যকর ভূমিকা রাখেননি সেলেনা।
মামলায় উল্লেখ করা হয়, ওয়ান্ডারমাইন্ডের প্রতিষ্ঠাতারা বিনিয়োগ পাওয়ার জন্য বিজ্ঞাপনী চুক্তি, সেলিব্রিটি কাভার স্টোরি এবং একটি নতুন অ্যাপ চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার কিছুই বাস্তবায়ন হয়নি। এ ছাড়া ওয়ান্ডারমাইন্ডের কর্মী ও তাদের সঙ্গে কাজ করা ফ্রিল্যান্সার ও ভেন্ডরদের অর্থ সময়মতো পরিশোধ করছেন না সেলেনা, এমন অভিযোগও উঠেছে।
বিনিয়োগকারীরা জানান, তিন বছর ধরে এ প্রতিষ্ঠানের সংকটময় অবস্থা গোপন রাখা হয়েছিল। গত সেপ্টেম্বরে দ্য কাট সাময়িকীতে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রথম প্রকাশ পায়, ওয়ান্ডারমাইন্ড চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সেখানে সেলেনার মা ম্যান্ডি টিফির মাদকাসক্তি ও প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি মায়ের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে সেলেনার দায়িত্ব এড়িয়ে চলার বিষয়টিও উঠে আসে।
পপতারকা ও অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি সফল বিউটি ব্র্যান্ড ‘রেয়ার বিউটি’র প্রতিষ্ঠাতা হিসেবে সারা বিশ্বে সুনাম রয়েছে সেলেনা গোমেজের। ২০২৪ সালে বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করে বিশ্বের অন্যতম ধনী শিল্পীর তালিকায় নাম লিখিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের এমন দুরবস্থার চিত্র প্রকাশ্যে আসায় সেলেনার সমালোচনা করছেন অনেকে।
নতুন এই মামলা এবং ওয়ান্ডারমাইন্ডের ভবিষ্যৎ নিয়ে এখন পর্যন্ত সেলেনা গোমেজ বা তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে প্রতারিত বিনিয়োগকারীরা আদালত থেকে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি তাঁদের মূল বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার আইনি লড়াই শুরু করেছেন।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৮ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
২০ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
২০ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
২০ ঘণ্টা আগে