Ajker Patrika

অভিনয় ও গান নিয়ে সিনেমায় আসিফ: রোজার ঈদে আসছে পারিবারিক গল্পের ‘ঝামেলা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১০: ০০
অভিনয় ও গান নিয়ে সিনেমায় আসিফ: রোজার ঈদে আসছে পারিবারিক গল্পের ‘ঝামেলা’
আসিফ আকবর। ছবি: সংগৃহীত

ইয়ামিন ইলানের ‘ঝামেলা’ সিনেমার ছয়টি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এমন খবর জানা গিয়েছিল এ বছরের শুরুর দিকে। অবশেষে এল ঝামেলা সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা। গত সোমবার এফডিসিতে সংবাদ সম্মেলন করে জানানো হলো, আগামী বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঝামেলা।

সিনেমার গানের মতো সংবাদ সম্মেলনের কেন্দ্রেও ছিলেন আসিফ আকবর। নির্মাতা, অভিনয়শিল্পী থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিদের মুখেও শোনা গেল আসিফ আকবরের কথা। সংবাদ সম্মেলনে এই সিনেমার তিনটি গানের অংশবিশেষ দেখানো হয়। ‘সদরঘাটের পান’ শিরোনামের গানে দেখা গেল পর্দায় নিজের গানে পারফর্ম করছেন আসিফ।

সিনেমাটি নিয়ে কথা বলার সময় উচ্ছ্বাসিত ছিলেন আসিফ। জানালেন এই সিনেমার গান ও অভিনয়ে সঙ্গে যুক্ত হওয়ার গল্প। প্রায় ১৪ বছর আগে নির্মাতা ইয়ামিন ইলানের সঙ্গে পরিচয় হয় আসিফের। তাঁর অনেক মিউজিক ভিডিও বানিয়েছেন ইয়ামিন ইলান। সেই কাজ দিয়েই গড়ে উঠে সখ্য। আসিফ বলেন, ‘এই সিনেমায় আমার ছয়টি গান ব্যবহার করা হয়েছে। যার মধ্যে তিনটি গান কবীর সুমনের লেখা। গানগুলো আগে বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে। ইয়ামিন একদিন আমাকে জানায়, গানগুলো ঝামেলা সিনেমার জন্য সে ব্যবহার করতে চায়। তাঁর সিলেকশন খুব ডিফারেন্ট। এখানে ভালোবাসার গান রয়েছে, বাচ্চাদের জন্য গান রয়েছে।’

অভিনয়ের বিষয়ে আসিফ বলেন, ‘গহীনের গান সিনেমার পর কোনো সিনেমায় আবার ক্যামেরার সামনে দাঁড়ানো হয়েছে। আমি প্রথমে রাজি ছিলাম না। কারণ আমার অভিনয়টা হয় না। এ কারণে নির্মাতাকে না বলে দিয়েছিলাম। পরবর্তী সময়ে অভিনেত্রী তানজিকা আমিন আমাকে ধরল অভিনয়ের জন্য। শেষ পর্যন্ত রাজি হতেই হলো। গহীনের গানেও তানজিকা আমার সঙ্গে ছিল। এই সিনেমায়ও সে আমাকে অনেক সহযোগিতা করেছে।’

ঝামেলা নিয়ে নির্মাতা ইয়ামিন ইলান বলেন, ‘আমাদের পরিবার ও সমাজে নানা সময়ে যেসব ঝামেলা হয়, নানা ঘটনা ঘটে, তা নিয়েই এ সিনেমার গল্প। সর্বোপরি ঝামেলা একটা পারিবারিক সিনেমা। পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখা যাবে। এখানে ব্যবহৃত ছয়টি গান সিনেমাটিকে ভিন্ন মাত্রা দেবে। ২০২৭ সালের রোজার ঈদে মুক্তি পাবে ঝামেলা।’

ঝামেলা সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুনুর রহমান অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আব্দুল্লাহ রানা, সাবেরী আলম, দিয়া রইস, সাইফুর রহমান ইভান, রেজমিন সেতু, ফয়সাল বাপ্পী, ফারহানা ইয়াসমিন ইভা, জান্নাহ (শিশুশিল্পী), আদৃতা (শিশুশিল্পী), নাজনীন শবনম, ইসরাত রহমান, শাহেদ ওসমান রোমেল, রেশমা আহমেদ প্রমুখ। ঝামেলা সিনেমাটি তৈরি হচ্ছে দিয়া প্রোডাকশনসের ব্যানারে। প্রযোজনা করছেন দিয়া রইস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত