
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’-এর জয়রথ ছুটছেই। রটারডাম উৎসব ও ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের পর এবার সার্বিয়ার মর্যাদাপূর্ণ বেলগ্রেড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (ফেস্ট) পুরস্কৃত হলো সিনেমাটি। উৎসবের ৫৩তম আসরে ওয়ার্ল্ড কম্পিটিশন বিভাগে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে মাস্টার। পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিতের সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাব্বির হোসেন শোভন।
বেলগ্রেড উৎসবের জুরিবোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাস্টার সিনেমার পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটি নিয়ে জুরিদের ভাষ্য, মাস্টার এমন একটি রাজনৈতিক ড্রামা, যেখানে ক্ষমতার মোহে পড়া এক ব্যক্তির নৈতিকতার দ্বন্দ্ব, দুর্নীতি আর বিশ্বাসঘাতকতার গল্প তুলে ধরা হয়েছে। পুরোনো দিনের বিখ্যাত পলিটিক্যাল থ্রিলারগুলোর মতো এতে রয়েছে টানটান উত্তেজনা। সিনেমাটি শুধু একজন মানুষের বদলে যাওয়ার গল্পই বলে না, বরং ক্ষমতার স্বাদ পেলে মানুষের মানসিকতা ও চারিত্রিক বৈশিষ্ট্য কীভাবে পুরোপুরি পাল্টে যায়, তা অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছে।
গত সপ্তাহেই ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছিল মাস্টার। এবার সার্বিয়ার বেলগ্রেডে পেল সেরা চিত্রনাট্যের স্বীকৃতি। ওয়ার্ল্ড কম্পিটিশন বিভাগে মাস্টার ছাড়াও পুরস্কৃত হয়েছে আরও দুটি সিনেমা। হুয়ান পাবলো সালাতো পরিচালিত স্প্যানিশ ড্রামা ‘দ্য রেড হ্যাঙ্গার’ জিতেছে সেরা সিনেমার পুরস্কার। আর ‘ফিলিপিনিয়ানা’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ফিলিপাইনের রাফায়েল ম্যানুয়েল।
রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ও প্রযোজিত মাস্টার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সৎ উদ্দেশ্য নিয়ে স্থানীয় রাজনীতিতে আসা একজন আদর্শবান শিক্ষক কীভাবে ক্ষমতা ও আপসের জাঁতাকলে পড়ে ধীরে ধীরে বদলে যায়, তা নিয়েই এগিয়েছে মাস্টারের গল্প। আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরিফ সিরাজ, তাসনুভা তামান্না প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তিতে মাস্টার সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি যখন একের পর এক সম্মাননা পাচ্ছে, তখন নিজ দেশে এটি আমলাতান্ত্রিক জটিলতা ও ছাড়পত্র পাওয়ার দীর্ঘসূত্রতায় আটকে আছে। বিজ্ঞপ্তিতে তাঁরা অভিযোগ করেন, সিনেমায় যে প্রাতিষ্ঠানিক বাধা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও লাল ফিতার দৌরাত্ম্যকে আঙুল দিয়ে দেখানো হয়েছে, বাস্তবে ঠিক একই কারণে দেশে সিনেমাটির মুক্তি আটকে আছে।

বাংলাদেশের ব্যান্ড মিউজিকের দুই জনপ্রিয় তারকা নগরবাউল জেমস ও আর্কের হাসান। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখন পর্যন্ত এই দুই রকস্টারের গান শ্রোতাদের উন্মাদনায় ভাসিয়ে চলেছে। অনেক দিন পর আবারও একই মঞ্চে তাঁদের গান উপভোগের সুযোগ পাচ্ছেন ভক্তরা।
২ ঘণ্টা আগে
২০১১ সালের সুপারহিট বলিউড সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। ১৫ বছর পর বিদ্যা বালান অভিনীত সিনেমাটির সিকুয়েল নির্মাণের ঘোষণা দিলেন প্রযোজক একতা কাপুর। জানালেন, নতুন গল্প নিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’ বানাতে যাচ্ছেন তিনি।
২ ঘণ্টা আগে
এভারেস্ট জয়ের ইতিহাসে এডমন্ড হিলারির নাম যতটা উচ্চারিত হয়, নেপথ্যের নায়ক তেনজিং নোরগের জীবনের গল্প ততটা সামনে আসেনি। এবার সেই অজানা অধ্যায় উঠে এসেছে অ্যাপল টিভির নতুন সিনেমা ‘তেনজিং’-এ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার মূল চরিত্র অর্থাৎ তেনজিং নোরগের ভূমিকায় অভিনয় করেছেন তিব্বতি অভিনেতা গেনডেন ফ
২ ঘণ্টা আগে
প্রায় দুই বছর পার হলেও মিলছিল না ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের খবর। সিরিজের দ্বিতীয় সিজন এখনো মুক্তি না পাওয়ায় কয়েক মাস আগে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
১ দিন আগে