সোহিনী সরকারের নতুন ছবি মুক্তি পেল। পশ্চিমবঙ্গের তারকাদের রাজনীতিতে নাম লেখানোর ঢলে তিনি শুধু অভিনয় নিয়েই থাকতে চান।
প্রায় এক বছর পরে আপনার ছবি মুক্তি পেল। কেমন লাগছে?
সাহিত্যনির্ভর ছবি ‘এই আমি রেণু’ এই করোনার সময় কতটা গ্রহণযোগ্য হবে, তা ভেবে বেশ চাপে আছি। ছবিটি তৈরি করতে প্রযোজক যে টাকা খরচ করেছেন, ছবি থেকে তা তুলতে পারবেন কিনা, সেটাও চিন্তার বিষয়। টাকা না উঠলে প্রযোজক হয়তো আর দ্বিতীয় ছবি করবেন না, এতে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। তবে ছবি চলা বা না চলার বিষয়টি অনেক কিছুর ওপর নির্ভর করে। আমার কাজটুকু আমি ভালোভাবে করেছি। বাকি সব ঠিক থাকলে, ছবিটি নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে। ছবিটি সমরেশ মজুমদারের একই নামের উপন্যাসে তৈরি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন লুকে দেখা যাচ্ছে। ইমেজ ভাঙতে চাইছেন?
আমি বরাবরই জিনস, টি-শার্টে স্বচ্ছন্দ। শাড়ি বা অন্য কোনও ট্র্যাডিশনাল পোশাকেও। কিন্তু এ বছর রণজয়ের (সোহিনীর প্রেমিক) জন্মদিনে বোল্ড লুক ট্রাই করলাম, যেটা আমার ইমেজ কিছুটা হলেও ভেঙেছে। আসলে অন্যরকম পোশাক পরার ইচ্ছে থেকেই রণজয়ের জন্মদিনটা বেছেছিলাম। আর সেটা দেখে আমার অনেক বন্ধুই স্তম্ভিত!

ছবিতেও ইমেজ ভাঙতে রাজি?
নতুন ধরনের চরিত্রে অভিনয় করার ইচ্ছে সব শিল্পীর থাকে। কিন্তু পুরোপুরি কমার্শিয়াল ছবি করতে আমি উৎসাহী নই। ‘বিবাহ অভিযান’ করতে গিয়ে বুঝেছি, সেজেগুজে মিষ্টি নায়িকা হওয়ার অনেক চাপ রয়েছে। বরফের মধ্যে শিফন পরে নাচতে পারব না। কোনও পার্টিতে কিছুক্ষণের জন্য সেজেগুজে গেলাম, সেটাই তো অনেক কষ্টকর।

টলিউডে অনেকেই রাজনীতিতে এসেছেন। আপনার আগ্রহ নেই?
সবাই প্রার্থী হলে ভোট দেবে কে? আমি ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচন করার জন্য রয়েছি। তাছাড়া রাজনীতিতে আসার জন্য আমাকে কেউ প্রস্তাবও দেয়নি। দিলেও হয়তো ফিরিয়ে দিতাম। রাজনীতি আমার জন্য নয়, অভিনয় করেই খুশি। যে কোনও কাজ করতে হলে সেই বিষয়ে জ্ঞান থাকাটা জরুরি। এই যে হঠাৎ করে সকলে রাজনীতিতে চলে যাচ্ছেন, সেই দলের আদর্শ তাঁদের আদৌ অনুপ্রাণিত করে কি? বিষয়টা আমার খুবই গণ্ডগোলের লাগে। সাধারণ মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করতে হয় না। এমন বহু মানুষকে দেখেছি, যাঁরা কোনও বাচ্চার দায়িত্ব নেবেন বলে বা অন্যের পাশে দাঁড়াবেন বলে নিজের স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। তাই আমার কাছে এই সব মানুষের মূল্য অনেক বেশি। যাঁরা রাজনীতিতে গিয়েছেন, তাঁদের প্রতি শুভেচ্ছা রইল।

আর কী কী ছবির কাজ করছেন?
সামনেই বীরভূম যাচ্ছি ‘কাবাডি কাবাডি’র শুটিংয়ে। ‘সিনেমাওয়ালা’র পরে আবার কৌশিকদার (গঙ্গোপাধ্যায়) সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এছাড়া দুটো ওয়েবের কাজ শেষ হল। বাকি কয়েকটি ছবির কথা চূড়ান্ত হলেও টাকা না পাওয়া অবধি তা নিয়ে কথা বলতে চাই না।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

চার বছর আগে ২০২২ সালের ২৮ অক্টোবর শাহতাজ মনিরা হাশেমকে বিয়ে করেন প্রীতম হাসান৷ তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল এরও পাঁচ বছর আগে, প্রীতম হাসানের জনপ্রিয় গান 'জাদুকর'-এর মিউজিক ভিডিও করতে গিয়ে।
৮ ঘণ্টা আগে
গত কয়েক মাস ধরেই কোয়েলের দল বদলের খবর শোনা যাচ্ছিল। শুরুটা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৬ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপর গুঞ্জন ছড়ায় বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে
স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
১৮ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১৯ ঘণ্টা আগে