Ajker Patrika

আজ দেশে আসছে কারিনার মরদেহ, শোকাহত সহকর্মীরা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ দেশে আসছে কারিনার মরদেহ, শোকাহত সহকর্মীরা
কারিনা কায়সার। ছবি: সংগৃহীত

মাত্র ৩১ বছর বয়সে চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সার। সপ্তাহখানেক ধরে লিভারসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ১১ মে রাতে কারিনাকে নিয়ে যাওয়া হয় ভারতের চেন্নাইয়ে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১১টার দিকে মৃত্যু হয় তাঁর।

কারিনার বাবা সাবেক ফুটবলার কায়সার হামিদ জানান, আজ দুপুরের দিকে ঢাকায় পৌঁছাবে কারিনার মরদেহ। বাদ আসর ঢাকার ডিওএইচএস মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গজারিয়ায় নানাবাড়িতে দাফন করা হবে কারিনাকে।

কারিনার মৃত্যুতে শোবিজ ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী, দীপা খন্দকার, ইরফান সাজ্জাদ, পারসা ইভানা, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি, ফারহান আহমেদ জোভান প্রমুখ। কারিনার চিত্রনাট্যে সর্বশেষ রোজার ঈদে হইচইয়ে মুক্তি পেয়েছে ‘একসাথে আলাদা’ নামের ওয়েব ফিল্ম। এতে অভিনয় করেন তারিক আনাম খান ও রোজী সিদ্দিকী। তাঁরাও মর্মাহত কারিনার চলে যাওয়ার খবরে।

তারিক আনাম খান বলেন, ‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল। খুব অল্প সময়ের জন্য আমাদের দেখা, অল্প কথা, একটাই কাজ ‘‘একসাথে আলাদা’’। আমাদের একটা ধারাবাহিক পারিবারিক কমেডি করার কথা হচ্ছিল। তার আগেই সবাইকে কাঁদিয়ে কারিনা চলে গেল। একটা অনুরোধ, বিশেষ করে আমার তরুণ প্রজন্মের কাছে, জীবনযাত্রায় সচেতন হোন, খাবারদাবার নিয়ে সচেতন হোন।’

রোজী সিদ্দিকী বলেন, ‘কারিনার সঙ্গে আমার দুটি কাজ হয়েছে। দুটি গল্প সে দারুণভাবে উপস্থাপন করেছিল। ভাবতে কষ্ট হচ্ছে, এত মেধাবী মেয়েটি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল। আমরা একটা ট্যালেন্ট হারালাম। এখনকার প্রজন্মের মধ্যে যারা ভালো লিখছে, তাদের মধ্যে একজন ছিল কারিনা। আমার মেয়ের সঙ্গে ওর বন্ধুত্ব ছিল। ওকে আমি ভুলতে পারব না। ও আমার মনের ভেতরে সব সময় থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত