Ajker Patrika

ইঙ্গিত দিলেন আরও কনসার্টের

গানে-গল্পে নিউইয়র্ক মাতালেন অপূর্ব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
গানে-গল্পে নিউইয়র্ক মাতালেন অপূর্ব
নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে আয়োজিত কনসার্টে অপূর্ব। ছবি: সংগৃহীত

দুই দশক ধরে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে যাচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব। এবার তিনি একক কনসার্টে গান শুনিয়ে মুগ্ধ করলেন। তবে দেশে নয়, অপূর্বর একক কনসার্টটি হয়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্ট।

প্রথম একক কনসার্ট বলে প্রস্তুতিটাও জোরেশোরে সেরে নিয়েছিলেন অপূর্ব। অনুষ্ঠানের আগে বেশ কয়েক দিন টানা রিহার্সাল করেছেন। দর্শকও নিরাশ করেননি তাঁকে। পুরো অডিটরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। অপূর্ব তাঁর পরিবেশনা শুরু করেন হেমন্ত মুখোপাধ্যায়ের ‘এই রাত তোমার আমার’ দিয়ে। গান শেষে অপূর্ব জানান, এটি ছিল তাঁর শেখা প্রথম গান। গানটি প্রথম শুনেছিলেন তাঁর মায়ের কাছে। এরপর তিনি একে একে গেয়ে শোনান সোলস ব্যান্ডের ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কেন এই নিঃসঙ্গতা’, বাপ্পা মজুমদারের ‘দিন বাড়ি যায়’, ফিডব্যাক ব্যান্ডের ‘মৌসুমী’, নগর বাউল জেমসের ‘বাবা’সহ বেশ কিছু গান।

জেমসের বাবা গানটি গাওয়ার সময় নিজের বাবার কথা মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন অপূর্ব। গাইতে গাইতে একসময় নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। গান থামিয়ে কান্নায় ভেঙে পড়েন। পেছনে ফিরে চোখ মুছতে থাকেন।

কনসার্টের প্রতিটি গানের ফাঁকে দর্শকের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন অপূর্ব। প্রায় দুই ঘণ্টা হলভর্তি দর্শক-শ্রোতাকে গানে-গল্পে মাতিয়ে রাখেন। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন শামীম শাহেদ। দর্শক সারিতে উপস্থিত ছিলেন অপূর্বর সহকর্মী তমালিকা কর্মকার, আফসান আরা বিন্দু, মোনালিসা, নওশীন, মামনুন ইমন, রোমানা, নোভাসহ অনেকে।

কনসার্ট উপভোগ করার পর মোনালিসা বলেন, ‘অপূর্ব আমার বন্ধু ও কলিগ। একসঙ্গে অনেক কাজ হয়েছে আমাদের। শুটিং সেটে সে প্রায়ই গান শোনাত আমাদের। এবার অপূর্বর প্রথম একক কনসার্ট উপভোগ করলাম। দারুণ উপভোগ্য ছিল পুরোটা সময়।’

তমালিকা কর্মকার বলেন, ‘আমার মনে হয় যথাযথভাবে প্রচার হলে আরও অনেক মানুষের আগমন হতো। আয়োজকদের সামাল দেওয়া কষ্টকর হয়ে যেত। খুব কম সময়ের আয়োজন হলেও দারুণ একটি শো হয়েছে।’

নওশীন বলেন, ‘আমরা শোবিজের মানুষেরা জানি, অপূর্ব কতটা ভালো গান গায়। আজ আরও অনেকে জানল বিষয়টি। এ রকম শো আরও অনেক দেখতে চাই। অপূর্বর জন্য রইল অনেক শুভকামনা।’

অপূর্ব বলেন, ‘বারবার মনে হচ্ছিল সবার মন জয় করতে পারব কি না। এত ভালোবাসা পাব, এটা আমার কল্পনার বাইরে ছিল। একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় পাওয়া দর্শকের উৎসাহ ও অনুপ্রেরণা। আজকের এই আয়োজন আমাকে নতুন করে সাহস জোগাল, নতুন করে শক্তি দিল।’

উপস্থিত দর্শকেরা যুক্তরাষ্ট্রে অপূর্বর আরও কনসার্ট দেখার আগ্রহ প্রকাশ করেন। অপূর্ব নিজেও নতুন শোর আভাস দিয়ে রাখলেন। নতুন কনসার্ট প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সবকিছু নির্ভর করছে দর্শকের আগ্রহের ওপর। তাঁরা আমাকে দেখতে চান কি না। যদি আমার মনে হয়, তাঁরা আমাকে চাইছেন, তাহলে অবশ্যই হয়তো আবার দেখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত