
রমজানের শেষ বিকেলে রাজধানীর বনশ্রীতে বসেছিল তারুণ্যের প্রাণবন্ত এক আড্ডা। তবে সেই আড্ডা ছিল সৌহার্দ্য, বন্ধুত্ব আর আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন বুননের। ১৩ মার্চ শুক্রবার ঢাকার বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় পাঠকবন্ধুর ইফতার মাহফিল ও মতবিনিময় সভা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় উচ্ছ্বসিত এক মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও পাঠকবন্ধুর প্রধান পৃষ্ঠপোষক কামরুল হাসান। আরও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা পাঠকবন্ধুর প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী ও উপদেষ্টা মেহেদী হাসান, আজকের পত্রিকার বিজনেস অ্যান্ড অ্যাড সেলস বিভাগের প্রধান সিরাজুল ইসলাম সুমন এবং পাঠকবন্ধুর প্রধান সমন্বয়ক আব্দুর রাজ্জাক খান।
কামরুল হাসান বলেন, ‘পাঠকবন্ধুর মাধ্যমে আমরা সারা দেশের তরুণদের সংগঠিত করতে চাই। তাদের ভালো কাজে উদ্বুদ্ধ এবং উৎসাহিত করতে চাই। আমরা চাই সমাজের বখে যাওয়া তরুণদের এই উদ্যোগের মধ্য দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে। পাঠকবন্ধুর পক্ষ থেকে নেওয়া বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তরুণদের সুকুমার চর্চায় আগ্রহী করে তুলতে চাই।’
কামরুল হাসান আরও বলেন, ‘আমরা চাই বন্ধুরা পড়াশোনা করবে, সামাজিক কাজে অংশ নেবে এবং মানুষের জন্য কল্যাণকর কাজে এগিয়ে আসবে। যদি একজন তরুণ কম বয়সে এই ভালো কাজগুলো করে, ভবিষ্যতে বড় হওয়ার সময়ে তার আগের এই কাজের স্মৃতি তাকে অনেক আনন্দ দেবে। তখন তার মনে হবে, “আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি মানুষের জন্য ব্যয় করেছি।” অনেক মানুষকে দেখবেন হতাশা ও বিষণ্ণতায় ভুগতে; এর থেকে রক্ষার সবচেয়ে সুন্দর উপায় হলো ভালো কাজ করা। যখন মানুষ মানুষের জন্য কাজ করে, তখন তার মনের ভেতরে একধরনের আয়না তৈরি হয়। সেই আয়নায় পৃথিবীর সবকিছুকে ভালোভাবে দেখতে শুরু করে। মানুষ যত পরিণত হয়, ততই তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়তে থাকে। আশা করি, আমাদের বন্ধুদের প্রত্যেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। তাদের ভালো কর্ম অন্যদেরও অনুপ্রাণিত করবে। আমাদের বন্ধুদের প্রতি এমন প্রত্যাশাই থাকবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঠকবন্ধুর সমন্বিত বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সৈয়দুর রহমান, যুগ্ম আহ্বায়ক তানজিল কাজী ও তাহমিদ খান এলিন এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির আহ্বায়ক সিয়াম হাসান। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী বলেন, ‘পাঠকবন্ধু তারুণ্যের শক্তিতে উজ্জীবিত একটি সামাজিক সংগঠন। আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের বন্ধুরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বন্ধু হয়ে কাজ করাই হলো পাঠকবন্ধুর মূল চেতনা।’
অধ্যাপক শাহ আলম বলেন, পাঠকবন্ধুর সদস্যরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী; সবাই মেধাবী এবং সম্ভাবনাময়। তাদের কাজ ও উদ্যোগই তাদের এগিয়ে নেবে। ভবিষ্যতে পাঠকবন্ধুর পক্ষ থেকে নানা প্রশিক্ষণ ও কর্মসূচির আয়োজন করা হবে। একই সঙ্গে তিনি সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তাঁর মতে, বই পড়ার মাধ্যমে জ্ঞানচর্চা বিকশিত হয় এবং মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়।
সহযোগী অধ্যাপক মেহেদী হাসান বলেন, পাঠকবন্ধু এমন একটি প্ল্যাটফর্ম, যা তরুণ শিক্ষার্থীদের ইতিবাচক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা ও শুভচর্চার বিকাশে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ছাড়া একাডেমিক পড়াশোনার পাশাপাশি পাঠাভ্যাস ও সৃজনশীল চর্চা তরুণদের বিকাশে অপরিহার্য। পাঠকবন্ধুর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আজকের পত্রিকার সিরাজুল ইসলাম সুমন বলেন, ‘দূরদূরান্ত থেকে আজ আপনারা এখানে উপস্থিত হয়েছেন; এটাই পাঠকবন্ধুর সবচেয়ে বড় শক্তি।’ বন্ধুদের আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠন আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তাহমিদ খান এলিন বলেন, পাঠকবন্ধুর পক্ষ থেকে নতুন নতুন কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চমৎকার কিছু আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এসব কর্মসূচি সফল করতে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
সমন্বিত বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সৈয়দুর রহমান বলেন, অল্প সময়ের প্রস্তুতিতে এই ইফতার কর্মসূচির আয়োজন করা হলেও বন্ধুদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয়েছে। এই আয়োজনের
মূল উদ্দেশ্য ছিল সবাইকে একত্র করা এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করা। তিনি আরও জানান, পাঠকবন্ধুর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি পরিবেশবিষয়ক উদ্যোগ, বিতর্ক প্রতিযোগিতা এবং স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচির মতো আরও বিভিন্ন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
ইফতারের আগে অধ্যাপক শাহ আলম চৌধুরীর পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে পাঠকবন্ধুর সব সদস্য, দেশের জনগণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য বহুল প্রতীক্ষিত ইডব্লিউইউ ন্যাশনাল রোবোফেস্ট ২০২৬। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসব আগামী ১৭ থেকে ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৯ ঘণ্টা আগে
ঈদ মানে আনন্দের রঙে ভরা দিন, ঈদ মানে উল্লাস আর উৎসবের মিলনমেলা। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সকালে ঈদের নামাজ আদায় করার পর কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় উৎসবমুখর দিন।
১১ ঘণ্টা আগেঈদ মানেই পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। কিন্তু পড়াশোনা কিংবা কাজের কারণে যাঁরা দেশের বাইরে থাকেন, তাঁদের জন্য ঈদের দিনটি হয়ে ওঠে ভিন্ন রকমের। তবু দূরদেশে থেকেও তাঁরা খুঁজে নেন আনন্দের নতুন ঠিকানা—মসজিদে নামাজ, বন্ধুদের সঙ্গে কোলাকুলি, ভিডিও কলে পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
১২ ঘণ্টা আগে
ঈদুল ফিতর এখন আর ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ নেই। বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের ব্যস্ত জীবনেও নিয়ে আসে নতুন প্রাণের উচ্ছ্বাস। এবারের ঈদ উৎসবে বসন্তের পলাশফুলের আগুনরঙা সাজ আর ভরা ফুলের মধুর ঘ্রাণ যেন শিক্ষার্থীদের আনন্দকে আরও উজ্জ্বল করে তুলেছে।
১৩ ঘণ্টা আগে