ঈদ মানেই পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। কিন্তু পড়াশোনা কিংবা কাজের কারণে যাঁরা দেশের বাইরে থাকেন, তাঁদের জন্য ঈদের দিনটি হয়ে ওঠে ভিন্ন রকমের। তবু দূরদেশে থেকেও তাঁরা খুঁজে নেন আনন্দের নতুন ঠিকানা—মসজিদে নামাজ, বন্ধুদের সঙ্গে কোলাকুলি, ভিডিও কলে পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। প্রবাসে এমনই ঈদের অভিজ্ঞতার গল্প শুনিয়েছেন বিদেশে অধ্যয়নরত দুই শিক্ষার্থী।

ভিনদেশে নানান রঙের ঈদ
মো. আমিমুল এহসান খান
বিদেশে পড়াশোনা করতে এসে ঈদের আনন্দের রূপ কিছুটা বদলে যায়, তবে অনুভূতির উষ্ণতা থাকে একই। প্রবাসে থাকা অনেক শিক্ষার্থীই চান ঈদের দিনটি যেন সপ্তাহান্ত কিংবা সরকারি ছুটির দিনে পড়ে। কারণ, অনেক সময় ঈদের জন্য আলাদা ছুটি পাওয়া যায় না; ফলে ঈদের দিনেও ক্লাস বা কাজে যেতে হয়।
তবু দিনটি বিশেষ করে তুলতে বিভিন্ন চেষ্টা থাকে। কেউ নতুন কিংবা সুন্দর পোশাক পরে ক্লাসে যায়। কখনো কখনো শিক্ষকেরা ঈদের কথা মনে রেখে আগেভাগে ছুটি দিয়ে দেন; যা হয়ে ওঠে বাড়তি আনন্দের মুহূর্ত।
জাপানের বেশির ভাগ মসজিদে ঈদের নামাজের পর হালকা খাবারের আয়োজন থাকে। তখন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে একত্র বসে খাওয়া-দাওয়া করা এক অনন্য অভিজ্ঞতা। বাসায় রান্না করা, বন্ধুদের দাওয়াত দেওয়া, ছবি তুলে পরিবারের কাছে পাঠানো কিংবা ভিডিও কলে শুভেচ্ছা বিনিময়—এভাবেই কেটে যায় ঈদের দিন। পরিবারকে খুব মনে পড়লেও নতুন বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া হয় আনন্দের মুহূর্তগুলো।

প্রবাসে নতুন এক পরিবারের সঙ্গে ঈদ
আফরিন আজাদ প্রমি
ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে সরকারি স্কলারশিপ নিয়ে ফার্মাসি বিষয়ে স্নাতক পড়ছি। পরিবার ও আত্মীয়স্বজন ছাড়া এটি আমার তৃতীয় রমজান ও ঈদ। দেশে ঈদের সকাল মানেই ছিল মায়ের হাতে রান্না করা সুস্বাদু খাবার, বাবার কাছ থেকে সালামি আর ছোট বোন ও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। কিন্তু স্বপ্নের টানে ভিনদেশে এসে জীবনের নিয়মে এসেছে পরিবর্তন।
শুরুতে মনে হয়েছিল, ঈদের আনন্দ হয়তো ফিকে হয়ে যাবে। কিন্তু এখানে এসে পেয়েছি আরেকটি ভিন্ন পরিবার—বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের মুসলিম বন্ধুদের। ঈদের সকাল শুরু হয় হোস্টেলের ছাদে বন্ধুদের সঙ্গে নামাজ আদায় ও মিষ্টিমুখ করার মাধ্যমে। এরপর পরিবারের সঙ্গে ভিডিও কলে ঈদের শুভেচ্ছা বিনিময় করে বেরিয়ে পড়ি ঘুরতে।
সাগর আমার খুব প্রিয়। কাকতালীয়ভাবে আমার শহরটিও সাগরবেষ্টিত। তাই ঈদের দিন নিরিবিলি সমুদ্রতীরে যাওয়া যেন এক বিশেষ আনন্দ। সারা দিন ঘুরি, ছবি তুলি, হাসি-আনন্দে কাটে সময়। প্রবাসে কাটানো এই ঈদ আমাকে শিখিয়েছে—দূরে থাকলেও বন্ধুত্ব ও ভালোবাসাই মানুষকে আপন করে তোলে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসী। আজ বুধবারর এ সংকান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তা অবৈতনিক করার পরিকল্পনাও রয়েছে। বর্তমানে দেশে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ এবং তা অবৈতনিক।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ১৫ আগস্টের মধ্যে।
৯ ঘণ্টা আগে
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীর সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।
১৪ ঘণ্টা আগে