
মেষ
আজ আপনার মেজাজ থাকবে ফুটন্ত কড়াইয়ের তেলের মতো। সকালে ঘুম থেকে উঠেই মনে হবে আপনিই দুনিয়ার সুলতান। কর্মক্ষেত্রে বসের দিকে এমনভাবে তাকাবেন যেন আপনার পকেটে ইস্তফাপত্র রাখা আছে (যদিও নেই)। ট্রাফিক জ্যামে পড়লে আজ মনে হতে পারে আপনিই একমাত্র ব্যক্তি যার খুব তাড়া আছে, আর বাকিরা সব পিকনিক করতে বেরিয়েছে। অযথা তর্কে যাবেন না, বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে। মনে রাখবেন, যুদ্ধে জেতার চেয়ে রাতের খাবার শান্তিতে পাওয়া বেশি গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় আজ কোনো বিতর্কিত মন্তব্য করবেন না।
বৃষ
গ্রহ বলছে আজ আপনার একমাত্র লক্ষ্য হবে—কী খাব এবং কখন ঘুমাব। আলস্য আপনার ওপর এমনভাবে ভর করবে যে বিছানা থেকে বাথরুম পর্যন্ত দূরত্বও আপনার কাছে হিমালয় পর্বতারোহণ মনে হবে। অফিসে কাজের মাঝে আপনার স্বপ্ন হবে বিরিয়ানির হাঁড়ি নিয়ে। ডায়েটিংয়ের কথা ভাবলেও আজ আপনার সামনে কেউ না কেউ মিষ্টি নিয়ে হাজির হবেই। অনলাইনে খাবার অর্ডারের আগে ব্যাংক ব্যালেন্সটা একবার দেখে নেবেন। পকেট গড়ের মাঠ হতে সময় লাগবে না। ফ্রিজ খোলার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সত্যিই ক্ষুধার্ত নাকি শুধু বোর হচ্ছেন?
মিথুন
আজ আপনার জিব থাকবে ৫জি স্পিডে। একই সময়ে তিনজনের সঙ্গে চ্যাট এবং একজনের সঙ্গে কথা বলার অসাধ্যসাধন আপনিই করবেন। গসিপ করার জন্য আজ আপনার মন ছটফট করবে। তবে সাবধান, কথা বলতে বলতে নিজের গোপন কোনো তথ্য ফাঁস করে দেবেন না যেন! ফোনে চার্জ শেষ হয়ে গেলে আজ আপনার পৃথিবী অন্ধকার মনে হতে পারে। আজ কথা কম আর কাজ বেশি করলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, নচেৎ কপালে বড় সাইজের দুঃখ আছে। স্ক্রিন টাইম একটু কমানোর চেষ্টা করুন।
কর্কট
আজ আপনি টিভিতে সাবানের বিজ্ঞাপন দেখলেও কেঁদে ভাসিয়ে দিতে পারেন। পুরোনো দিনের কথা ভেবে আজ বড্ড বেশি ইমোশনাল হয়ে পড়বেন। পুরোনো কোনো মেসেজ বা ডিপি চেক করার একটা তীব্র ইচ্ছা জাগবে। নিজেকে একটু সামলান। স্মৃতির সরণি বেয়ে হাঁটতে গিয়ে সামনের ড্রেনে পা না পড়ে যায় সেদিকে খেয়াল রাখুন। গ্লিসারিন আর ন্যাপথলিন—দুটি থেকেই দূরে থাকুন। বাস্তব পৃথিবীতে ফেরার চেষ্টা করুন। মনে রাখবেন, অতীত একটা বাতিল চেক, তাই বর্তমানে বাঁচুন।
সিংহ
আজ আপনার ভাবখানা এমন হবে যেন কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটছেন। অফিসে কলিগরা আপনাকে পাত্তা না দিলেও মনে করবেন তারা আপনাকে হিংসা করে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রশংসা করতে করতেই অর্ধেক দিন পার করে দেবেন। নতুন জামাকাপড় পরে আজ নিজেকে ‘শো-স্টপার’ ভাববেন। সেলফি তোলার সময় খেয়াল রাখবেন, পেছনে যেন ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে। অযথা হাসিঠাট্টার পাত্র হবেন না। নিজের ইগোটা আজ একটু পকেটে ভরে রাখুন।
কন্যা
আজ আপনার মনে হবে দুনিয়াটা বড্ড অগোছালো। অন্যের কাজে খুঁত ধরাটাই হবে আপনার প্রধান বিনোদন। চায়ে চিনি কম কেন থেকে শুরু করে কলিগ কেন টাইটা বাঁকা করে পরেছে—সবকিছুতেই আপনার ঘোর আপত্তি থাকবে। নিজের টেবিলে একটা ধুলোর কণা দেখলেও আজ আপনার হার্ট অ্যাটাক হতে পারে। মাঝেমধ্যে একটু চোখ বন্ধ রাখুন। সব পারফেক্ট হতে হবে—এই চিন্তাটা ছাড়লে আপনার লিভার এবং অন্যদের কান শান্তিতে থাকবে।
তুলা
সকালে নীল জামা পরবেন নাকি কালো—এই সিদ্ধান্ত নিতে নিতেই আপনার দুপুর হয়ে যাবে। আজ এতটাই দ্বিধাদ্বন্দ্বে থাকবেন যে ভাত খাবেন নাকি রুটি—সেটা ঠিক করতে আপনার টস করা লাগতে পারে। এমনকি কোনো রেস্তোরাঁয় গিয়ে মেনু কার্ড পড়তে পড়তেই ওয়েটার রিটায়ার করতে পারে। দ্রুত সিদ্ধান্ত নিতে শিখুন। নয়তো সুযোগগুলো আপনার পাশ দিয়ে চলে যাবে। মুদ্রার ওপর ভরসা না করে নিজের ওপর ভরসা করুন।
বৃশ্চিক
আজ আপনি গোয়েন্দা সাজবেন। কে কার সঙ্গে ঘুরছে, কার ফোনে কার কল আসছে—এসব তথ্য জোগাড় করতে সিআইডির চেয়েও এক কাঠি ওপরে থাকবেন। আপনার চোখের চাহনিই আজ শত্রুকে কাবু করার জন্য যথেষ্ট। মনে হবে সবাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু আসলে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। অন্যের ব্যক্তিগত জীবনে উঁকি মারা বন্ধ করুন। মোবাইল পাসওয়ার্ডটা আজ একটু বদলে নিতে পারেন নিরাপত্তার খাতিরে।
ধনু
আপনার মন আজ কেবলই পালানোর পথ খুঁজবে। অফিস থেকে সটকে পড়ে কোনো পার্কে বা কফিশপে বসে থাকার পরিকল্পনা মাথায় ঘুরপাক খাবে। ব্যাকপ্যাক গুছিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখবেন, কিন্তু মানিব্যাগ চেক করলেই স্বপ্ন ভঙ্গ হবে। আপনার পালানোর রাস্তায় বসের সঙ্গে দেখা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। পালানোর বদলে কাজে মন দিন। ট্রাভেল ভিডিও দেখে আজ কেবল দীর্ঘশ্বাসই সম্বল হবে। অন্তত একটা লম্বা হাঁটা দিন।
মকর
টাকা জমানোর ভূত আজ ঘাড়ে চাপবে। এমনকি লিফটে না উঠে সিঁড়ি দিয়ে নামার কথা ভাববেন, যাতে লিফটের ইলেকট্রিসিটি বিল (যা আপনি দেন না) বাঁচে। বন্ধুদের আড্ডায় আজ মানিব্যাগ ভুলে যাওয়ার নাটক করতে পারেন। প্রতিটি পয়সার হিসাব রাখতে গিয়ে আজ ক্যালকুলেটর গরম করে ফেলবেন। মাঝেমধ্যে খরচ করাও ভালো। টাকা সঙ্গে করে কেউ ওপরে নিয়ে যায় না! কৃপণতা ছেড়ে অন্তত এক কাপ চা হলেও আজ কাউকে খাওয়ান।
কুম্ভ
আজ আপনার মাথা দিয়ে অদ্ভুত সব আইডিয়া বেরোবে; যেমন মশার কামড় খেয়ে ছটফট করার সময় কীভাবে ব্যাটারি চার্জের ব্যবস্থা করা যায়। মানুষ আপনার কথা শুনে ভাববে আপনার মাথা খারাপ হয়েছে, কিন্তু আপনি মনে মনে জানবেন আপনি একজন আন্ডাররেটেড জিনিয়াস। নিজের উদ্ভাবনী চিন্তায় আপনি নিজেই মুগ্ধ হবেন। ল্যাবে গিয়ে পরীক্ষা করার আগে নিজের ঘরে মশার ধূপটা জ্বালান। কাজে দেবে। আকাশকুসুম ভাবনা কমিয়ে মাটির কাজের দিকে নজর দিন।
মীন
আজ আপনি কল্পনার রাজ্যে ভাসবেন। ভাববেন লটারি জিতে প্রশান্ত মহাসাগরে একটা দ্বীপ কিনছেন। বাস্তবে লটারি কেনা দূরে থাক, পকেটে বাস ভাড়ার টাকাই ঠিকমতো আছে কি না সন্দেহ! তবে আজ আপনার সৃজনশীলতা তুঙ্গে থাকবে। প্রেমিকার সঙ্গে দেখা হলে আজ অজান্তেই রোমান্টিক কবিতা শুনিয়ে দিতে পারেন। স্বপ্ন দেখা ভালো, তবে মাঝেমধ্যে মাটিতেও পা রাখতে হয়। বেশি আকাশে উড়লে ল্যাম্পপোস্টে ধাক্কা খাওয়ার ভয় থাকে। চোখ-কান খোলা রাখুন।

ত্বকের যত্নে গ্লিসারিনের কথা প্রায় সবাই জানে। কিন্তু চুলের যত্নেও যে এটি সমান কার্যকরী, তা হয়তো অনেকের অজানা। গ্লিসারিন মূলত একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট, যা বাতাস থেকে আর্দ্রতা টেনে নিয়ে চুলে ধরে রাখে। ফলে চুলের শুষ্কতা, আগা ফাটা এবং মাথার ত্বকের চুলকানি দূর করতে এটি ভালো কাজ করে; বিশেষ করে...
২৯ মিনিট আগে
পোশাকের সঙ্গে মানানসই এক জোড়া জুতা শুধু যে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে, তা-ই নয়; এটি আপনার রুচিরও পরিচয় বহন করে। অনেক সময় দেখা যায়, সঠিক যত্নের অভাবে পছন্দের জুতা দ্রুত নষ্ট হয়ে যায়। আজকালকার ফাস্ট ফ্যাশনের যুগে আমরা স্নিকার বা জুতা ছিঁড়ে গেলেই তা ফেলে দিয়ে নতুন জোড়া কিনতে অভ্যস্ত হয়ে পড়েছি...
৩ ঘণ্টা আগে
মাছের নানা রকম পাতুরি তো করেছেন; এবার মুরগির মাংসের পাতুরি করে দেখুন। বাড়ির ছোটরাও অনেক পছন্দ করবে। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত...
১২ ঘণ্টা আগে
সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে হুট করে দেখলেন মুখটা বেশ ফুলে আছে। আমাদের অনেকেরই এমন অভিজ্ঞতা হয়। সাধারণত পর্যাপ্ত ঘুমের অভাব, অতিরিক্ত লবণাক্ত খাবার বা মানসিক চাপের কারণে এমনটি হতে পারে। তবে মুখ ফোলা বা 'ফেসিয়াল এডিমা’ কখনো কখনো বড় কোনো শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে।
২০ ঘণ্টা আগে