Ajker Patrika

জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবি জকসুর

জবি প্রতিনিধি‎‎
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৭: ১৭
জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবি জকসুর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন। বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে। ছবি: আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী অতীতেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু আমরা বিচার পাইনি। এখন আমাদের আরেক ভাই বুলেট ভাইকে হত্যা করা হয়েছে, অথচ বিচারপ্রক্রিয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খামখেয়ালিপনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

‎জকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক বলেন, ‘সরকার সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। খুন, ধর্ষণ ও বিশৃঙ্খলা বেড়েই চলেছে। বুলেট ভাইয়ের হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই, নইলে সরকারকে দায় নিতে হবে।’

‎জবির ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্র যদি জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, তবে জনগণই এর জবাব দেবে। বুলেট ভাইসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।’

‎মানববন্ধনে জকসুর বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎এর আগে, শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে কাস্টমস কর্মকর্তা ও জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগীর লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় রোববার পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

গতকাল সোমবার এক ব্রিফিংয়ে র‍্যাব জানায়, ঘটনার রাতে কুমিল্লায় বাস থেকে জাগরঝুলি এলাকায় নামেন বুলেট। এই সময় ওত পেতে থাকা গ্রেপ্তার ব্যক্তিরা ভুক্তভোগীকে টার্গেট করে। পরে অটোরিকশায় তুলে তাঁকে মারধর ও ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত