Ajker Patrika

ঢাবিতে ২ মে থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কুইজ আসর

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ২২: ৫৭
ঢাবিতে ২ মে থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কুইজ আসর
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ২ থেকে ৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পিকিউআরইসি প্রেজেন্টস দ্বিতীয় ডিইউকিউএস ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট ২০২৬’। ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) আয়োজিত তিন দিনব্যাপী এই কুইজ উৎসবের প্রথম দিন ২ মে অনলাইনে এবং ৩ ও ৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি সাদমান মুজতবা রাফিদ। এ সময় সংগঠনের অন্য সদস্য ও স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাদমান মুজতবা রাফিদ বলেন, এবারের উৎসবে মোট ছয়টি সেগমেন্ট রাখা হয়েছে। এগুলো হলো ইন্টার স্কুল, ইন্টার কলেজ, ইন্টার ইউনিভার্সিটি, মেগা কুইজ, থিম্যাটিক কুইজ ‘ওয়ারকোয়েস্ট’ ও ইন্টারন্যাশনাল সেগমেন্ট। দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের পাশাপাশি যেকোনো বয়স ও প্রতিষ্ঠানের কুইজাররা নির্দিষ্ট সেগমেন্টে অংশ নিতে পারবেন। আন্তর্জাতিক সেগমেন্টে বিশ্বের যেকোনো প্রান্তের কুইজাররা বিনা ফিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সাদমান মুজতবা রাফিদ আরও বলেন, বাংলাদেশ ছাড়াও অন্তত আটটি দেশের প্রতিযোগীরা ইতিমধ্যে নিবন্ধন করেছেন। প্রতিটি সেগমেন্টে বিজয়ী, প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ দলের জন্য প্রাইজমানি রাখা হয়েছে। পাশাপাশি শীর্ষ দলগুলোকে সার্টিফিকেট ও পুরস্কার দেওয়া হবে। ইন্টার স্কুল, ইন্টার কলেজ ও ইন্টার ইউনিভার্সিটি সেগমেন্টে একই প্রতিষ্ঠানের সর্বোচ্চ তিনজনের দল অংশ নিতে পারবে। মেগা কুইজে সর্বোচ্চ পাঁচজনের দল এবং থিম্যাটিক কুইজে সর্বোচ্চ দুজনের দল অংশ নিতে পারবে। থিম্যাটিক কুইজে মূলত যুদ্ধ, রাজনীতি ও ইতিহাসভিত্তিক প্রশ্ন থাকবে।

রাফিদ বলেন, ডিইউকিউএসের ফ্ল্যাগশিপ আয়োজনের ধারাবাহিকতায় এবারও আন্তর্জাতিক পরিসরে কুইজ ফেস্ট আয়োজন করা হচ্ছে। ‘কিউরিওসিটি বিয়ন্ড বর্ডারস’ ভাবনাকে সামনে রেখে দেশের কুইজারদের আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিজ্ঞতা দেওয়া এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

সংগঠনের সাধারণ সম্পাদক অর্ণব রায় পার্থ বলেন, কুইজ সোসাইটি বৈচিত্র্যময় জ্ঞানচর্চাকে এগিয়ে নিতে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, টিএসসি কর্তৃপক্ষ, প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ২ থেকে ৪ মে একটি সফল আয়োজন উপহার দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রেজাউল রেজা বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার মুক্ত ক্ষেত্র। কুইজের মাধ্যমে শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তা ও জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে যুক্ত করাই তাঁদের উদ্দেশ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত