
রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষ্মা (টিবি) আক্রান্ত এক কর্মচারীর বিরুদ্ধে হাসপাতালের রান্নাঘরে নিয়মিত যাতায়াত, রোগীদের জন্য রান্না করা খাবারের স্বাদ পরীক্ষা এবং রান্নার কাজ তদারকির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রান্নাঘরে কর্মরত কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের দাবি, একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সরেজমিনে হাসপাতালের রোগীদের রান্নাঘরে গিয়ে দেখা যায়, রান্নার মসলা প্রস্তুতের টেবিলের পাশে কোনো মাস্ক ছাড়াই বসে আছেন যক্ষ্মা আক্রান্ত নূর ইসলাম। টেবিলের ওপর ঢাকনা ছাড়া রাখা ছিল পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন মসলাবাটা। পাশেই দুই নারী কর্মী রোগীদের জন্য রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একই ঘরের মেঝেতে বসে ছিলেন এক মানসিক রোগী।
হাসপাতালে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত নূর ইসলাম প্রায় ১৮ বছর ধরে রান্নার দায়িত্ব পালন করছেন। তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, দুই মাস আগে পরীক্ষায় তাঁর যক্ষ্মা ধরা পড়ে। এরপর আর কোনো ফলোআপ করাননি। এ সপ্তাহে পরীক্ষা করানোর কথা রয়েছে। তাঁর দাবি, যক্ষ্মা শনাক্ত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মাত্র এক মাসের ছুটি দেয়। ছুটি শেষে তিনি আবার কর্মস্থলে যোগ দেন।
নুর ইসলাম বলেন, ‘আমাকে আরএমও স্যার ও টিআইসি স্যার এখানে থাকার অনুমতি দিয়েছেন। আমি এখন মোটামুটি সুস্থ।’
তবে সুস্থ হওয়ার কোনো মেডিকেল রিপোর্ট তিনি দেখাতে পারেননি।
রান্নাঘরের এক নারী কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা তো জানি যক্ষ্মা ছোঁয়াচে রোগ। তাই উনাকে দেখলে আমাদেরও ভয় লাগে। আমাদেরও পরিবার, স্বামী-সন্তান আছে। উনি রান্নাঘরে আসার বিষয়টি বহুবার আরএমও স্যারকে জানিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা মাস্ক পরতে বললেও অনেক সময় তিনি শোনেন না। উনি নিজেই রোগীদের জন্য রান্না করা ডাল, তরকারিসহ বিভিন্ন খাবারের স্বাদ পরীক্ষা করেন। নিষেধ করলেও কথা শোনেন না।’
এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কেরামত আলী বলেন, ‘হ্যাঁ, নূর ইসলাম যক্ষ্মায় আক্রান্ত। তবে তিনি এখন রান্নার কাজ করছেন না। তাঁর পরিবর্তে একজন নারী কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। হয়তো তিনি ওষুধ নিতে হাসপাতালে এসেছিলেন। রান্নাঘরে কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুল বাশার বলেন, ‘যক্ষ্মা এমন কোনো রোগ নয় যে, চিকিৎসা নিলে ভালো হয় না। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। দুই মাস পার হয়েছে, তিনি এখন সুস্থ।’
এ বিষয়ে রংপুর সিভিল সার্জন ডা. শাহিন সুলতানার সঙ্গে কথা বলতে তাঁর অফিশিয়াল মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যক্ষ্মা মারাত্মক সংক্রামক একটি রোগ। নিয়মিত ওষুধ খেলেও এটি পুরোপুরি ভালো হতে অন্তত ছয় থেকে আট মাস সময় লাগে। সঠিকভাবে যক্ষ্মার ওষুধ নিয়মিত খাওয়া শুরু করার ২-৩ সপ্তাহের মধ্যে অধিকাংশ রোগীর সংক্রমণ ছড়ানোর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে যদি ওষুধ নিয়মিত না খাওয়া হয়, ওষুধ প্রতিরোধী (ড্রাগ রেজিস্ট্যান্ট) যক্ষ্মা থাকে বা চিকিৎসায় সাড়া না মেলে, তাহলে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি দীর্ঘদিন থাকতে পারে।
এ প্রসঙ্গে আইসিডিডিআরবির এসিটিবি প্রকল্পের সাবেক প্রকল্প সমন্বয়ক, ডা. মোহাম্মদ হোসেন বলেন, ‘যক্ষ্মার চিকিৎসা শুরুর পর প্রথম ফলোআপ করতে হয় দুই মাস পর। এ সময় রোগীর ওষুধের ডোজ পরিবর্তন করা হয়। এরপর আবার একমাস পর ফলোআপ করতে হয়। সাধারণত হাঁচি, কাশির মাধ্যমে এটি ছড়ায়। তবে লালা বা থুথুর মাধ্যমে সংক্রমিত হয় না। খাবারের মাধ্যমেও এটি ছড়ায় না। তাই যেসব রোগী হাসপাতালের রান্না খাবার খাচ্ছেন, তাঁদের ভয় না থাকলেও, যাঁরা ওই ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসছেন, তাঁরা ঝুঁকির মধ্যে আছেন।’

ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। কিডনির দাম ঠিক হয়েছিল ১০ লাখ টাকা। তাঁর কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। তবে বিনিময়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। মন্টু মিয়া বললেন, ‘দালালেরা মোটে ৫০ হাজার টাকা হাতে দিয়ে আমার শরীরের...
৫ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শেষ করতে পারেনি প্রশাসন। উপজেলা দুটিতে পৌনে ৬ কিলোমিটার খাল পুনঃখননের কথা ছিল। কিন্তু হয়েছে ১ দশমিক ৩৯০ কিলোমিটার। ফলে অব্যবহৃত প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়।
৫ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী বাঁধে ১০০ মিটার অংশ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগে ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
৫ ঘণ্টা আগে
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের...
৮ ঘণ্টা আগে