
রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে লাইনচ্যুত হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচলের জন্য ক্লিয়ারেন্স দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনটির ‘ঝ’ বগির একটি চাকা ভেঙে বগিটি লাইনচ্যুত হয়।
ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। দেশের বিভিন্ন স্টেশনে প্রায় ৯টি আন্তনগর ট্রেন আটকা পড়ে। এগুলোর মধ্যে ছিল নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বুড়িমাড়ি এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়ে যায়।
রেলওয়ে পুলিশ ও স্টেশন সূত্র জানায়, জামতৈল স্টেশন ছাড়ার পর থেকেই ট্রেনটির চাকায় ত্রুটি দেখা দেয়। শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছানোর পর বগিটি লাইনচ্যুত হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাবনার পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রয়োজনীয় কাজ শেষে বিকেল ৫টার দিকে ট্রেন চলাচলের জন্য ক্লিয়ারেন্স দেওয়া হয়। এরপর পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে আটকে থাকা ট্রেনগুলো ছেড়ে দেওয়া শুরু হয়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, ‘বিকেল পাঁচটার দিকে ট্রেন চলাচলের জন্য ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। বিভিন্ন স্টেশন থেকে পরিকল্পনা অনুযায়ী ট্রেনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে।’
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার (ইনচার্জ) আবু হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘চিলহাটি এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশন থেকে ঢাকার দিকে ছেড়ে গেছে। আর রিলিফ ট্রেন ও দুর্ঘটনাকবলিত ট্রেনটি এখন জামতৈল দাঁড়িয়ে আছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এটাও দ্রুত ছাড়া হবে।’
ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের (পাকশী) বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহুর তানিম।
উল্লাপাড়া থেকে ট্রেনে ওঠা যাত্রী মাসুদ বলেন, জামতৈল স্টেশন পার হওয়ার পর থেকেই বিকট শব্দ হচ্ছিল। পরে পেছনের বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন। এরপর জানতে পারেন, বগির চাকা ভেঙে গেছে।
আরেক যাত্রী ছায়মা জাহান বলেন, ‘জামতৈল পার হওয়ার পর থেকেই অস্বাভাবিক শব্দ হচ্ছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনে এসে ট্রেনটি থেমে যায়। অনেক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন, কেউ কেউ কান্নাকাটি শুরু করেন। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কনকসার-সংলগ্ন পদ্মা নদীর খেয়াঘাট এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
১১ মিনিট আগে
আজ বেলা ২টার দিকে ইন্দ্রপুর বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
১৪ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের এক নেতার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের সূর্যনারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবদল নেতার নাম ফরিদুল আলম ভুলু। তিনি কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক।
২৪ মিনিট আগে
জয়পুরহাট সদরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চকশ্যাম এলাকার রায়হান হোসেন, পূর্ব ধানমন্ডি এলাকার সাইদুল ইসলাম ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মথরপাড়া এলাকার
৩০ মিনিট আগে