
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম পরিচিত মুখ এবং দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি দল ছেড়েছেন বলে জানা গেছে।
টেলিভিশন বিতর্কসভাগুলোতে বিজেপির অন্যতম প্রধান চেহারা হিসেবে পরিচিত শেহজাদ গতকাল বৃহস্পতিবার তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের পরিচয় বা ‘বায়ো’ পরিবর্তন করেছেন শেহজাদ। নতুন বায়ো থেকে ‘বিজেপির জাতীয় মুখপাত্র’ পরিচয়টি সরিয়ে ফেলা হলেও, তিনি নিজেকে ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী’ হিসেবে উল্লেখ রেখেছেন।
এক্স-এর হালনাগাদকৃত পরিচয়ে তিনি লেখেন: ‘ধর্ম: ইসলাম, সংস্কৃতি: হিন্দু, আদর্শ: ভারতীয়, “জিএসটি কি যাত্রা” গ্রন্থের লেখক; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী।’
পেশায় আইনজীবী শেহজাদ পুনেওয়ালার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের হাত ধরে। ২০১৭ সালে কংগ্রেসের অভ্যন্তরীণ সভাপতি নির্বাচনপ্রক্রিয়াকে ‘পক্ষপাতদুষ্ট’ এবং রাহুল গান্ধীর অনুকূলে সাজানো বলে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে সর্বভারতীয় গণমাধ্যমের নজর কেড়েছিলেন তিনি।
পরবর্তীকালে কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন এবং তাঁকে দলের জাতীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়।
সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারের কিছু অংশ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন শেহজাদ। সেখানে তাঁকে ইঙ্গিত দিতে দেখা যায় যে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে।
শেহজাদ পুনেওয়ালা পরিচিত রাজনৈতিক বিশ্লেষক তেহসিন পুনেওয়ালার ছোট ভাই। শেহজাদ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তৎকালীন দল ও তার নেতৃত্বের তীব্র সমালোচনা শুরু করার পর দুই ভাইয়ের সম্পর্কে ফাটল ধরে এবং প্রকাশ্য বিরোধ তৈরি হয়।
তেহসিন পুনেওয়ালা টেলিভিশনের বিভিন্ন আলোচনা সভায় নিয়মিত কংগ্রেসের সমর্থক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কঠোর সমালোচক হিসেবে অংশ নেন। মতাদর্শিক পার্থক্যের কারণে বিভিন্ন সংবাদ চ্যানেলের সরাসরি বিতর্কানুষ্ঠানে দুই ভাইকে প্রায়শই তীব্র বাগ্বিতণ্ডায় জড়াতে দেখা যেত।
‘ব্যক্তিগত কারণ’-এর বাইরে শেহজাদের দলত্যাগের সুনির্দিষ্ট কারণ নিয়ে বিজেপি বা তাঁর নিজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
১৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
২০ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
২১ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে