১১ জুন শুরু ফুটবল বিশ্বকাপ । যুক্তরাষ্ট্র , কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপে খেলছে ৪৮ দল। ‘বিশ্বকাপের দল’ শীর্ষক এই ধারাবাহিকে কোন দল কেমন , সেটি তুলে ধরার প্রয়াস । আজকের পর্বে সুইজারল্যান্ড

বড় বড় শক্তির আড়ালে থেকেও ফুটবলে যারা নীরবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে যায়, তাদের মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। ২০২৬ বিশ্বকাপে ইউরোপের এই প্রতিনিধিরা হাজির হবে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার রেকর্ড নিয়ে। বিশ্বমঞ্চে এমন ধারাবাহিকতা ইউরোপের জার্মানি, স্পেন বা ফ্রান্সের মতো গুটিকয়েক জায়ান্টের মধ্যেই সীমাবদ্ধ। সেই তালিকায় সুইজারল্যান্ডের নিয়মিত উপস্থিতি তাদের নতুন উচ্চতায় নিয়ে গেছে।
বাছাইপর্বের বাধা সুইজারল্যান্ড পার করেছে অনেকটা অনায়াসেই। মুরাত ইয়াকিনের শিষ্যরা উয়েফা অঞ্চলের গ্রুপ ‘বি’তে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে অপরাজিত থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বিশেষ করে সুইডেনকে ৪-১ গোলে বিধ্বস্ত করা এবং কসোভোর সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ছিল সুইসদের পরিকল্পিত ফুটবলের প্রতিফলন। বাছাইপর্বের ছয় ম্যাচে মাত্র দুটি গোল হজম করে রক্ষণভাগের যে দৃঢ়তা তারা দেখিয়েছে, তা টুর্নামেন্টের মূল পর্বেও প্রতিপক্ষের জন্য হবে এক বড় দুশ্চিন্তার কারণ।
সুইজারল্যান্ড দলের সবচেয়ে বড় শক্তি তাদের দলীয় একতা। দলে হয়তো কিলিয়ান এমবাপ্পে বা আর্লিং হালান্ডের মতো কোনো সুপারস্টার নেই, কিন্তু প্রতিটি পজিশনে রয়েছে পরীক্ষিত সব যোদ্ধা। দলের মধ্যমণি এবং অধিনায়ক গ্রানিত জাকা বর্তমানে তাঁর ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। বায়ার লেভারকুসেনে ট্রেবল জেতার স্বাদ নিয়ে এবার সান্ডারল্যান্ডের হয়ে প্রিমিয়ার লিগে দাপিয়ে বেড়ানো জাকা সুইস ব্রিগেডের প্রাণভোমরা। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার মাঠের প্রতিটি প্রান্ত নিয়ন্ত্রণ করতে পারদর্শী। তাঁর সঙ্গে মাঝমাঠে রেমো ফ্রয়লারের উপস্থিতি দলটিকে দারুণ ভারসাম্য এনে দেয়।
আক্রমণভাগে ব্রিল এমবোলো এবং ড্যান এনডয়ের মতো গতিশীল খেলোয়াড়েরা যেকোনো রক্ষণভাগ ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখেন। বিশেষ করে তরুণ তুর্কি জোহান মানজাম্বির উত্থান সুইস ফুটবলে নতুন প্রাণের সঞ্চার করেছে। কোচ মুরাত ইয়াকিন অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এমন এক স্কোয়াড গড়েছেন, যা বড় বড় দলগুলোর জন্য ‘অস্বস্তিকর’। ইউরো ২০২৪-এ ইতালিকে বিদায় করে দিয়ে তারা প্রমাণ করেছে, কেবল রক্ষণাত্মক ফুটবল নয়, সুযোগ পেলে তারা আক্রমণাত্মক ফুটবলেও সিদ্ধহস্ত। জায়ান্ট কিলার বলে কথা।
সুইজারল্যান্ডের সামনে বড় চ্যালেঞ্জ হলো নকআউট পর্বের দেয়াল। ১৯৯৪ সাল থেকে পাঁচবার শেষ ১৬তে পৌঁছালেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার স্বপ্নটি তাদের জন্য বরাবরই অধরা থেকে গেছে। ১৯৫৪ সালের পর আর শেষ আটে দেখা যায়নি তাদের। তবে এবার গ্রুপ ‘বি’তে কানাডা, কাতার এবং বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে তাদের শক্তিমত্তা বিবেচনা করলে বলা যায়, শেষ ৩২ বা শেষ ১৬ পর্যন্ত যাওয়া তাদের জন্য খুব কঠিন হবে না। কিন্তু সুইস ভক্তদের প্রত্যাশা এবার আরও বেশি।
জেরদান শাকিরির অবসর এবং ইয়ান সমারের প্রস্থান সুইস ফুটবলকে কিছুটা অভিজ্ঞতাহীন করলেও নতুনেরা সেই জায়গা পূরণ করতে প্রস্তুত। উত্তর আমেরিকার এই বিশ্বকাপ হতে পারে সুইজারল্যান্ডের ফুটবলের সোনালি বসন্ত।

বাসেলে জন্ম নেওয়া মুরাত ইয়াকিন গ্রাসফোপার্স, ফেনারবাচে, স্টুটগার্ট ও বাসেলে খেলেছেন। রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে ৪৯ আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বুটজোড়া তুলে রাখার পর কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০০৬ সালে। ২০২১ সালে ভ্লাদিমির পেতকোভিচের স্থলাভিষিক্ত হওয়ার আগে নিজ দেশের বেশ কয়েকটি ক্লাবে কোচিং করান। কাতারে বিশ্বকাপে দলকে নিয়ে যান শেষ ষোলোয়; যেখানে পর্তুগালের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়ে তাদের বিদায় নিতে হয়।

গ্রীষ্মকালীন দলবদলে বায়ার লেভারকুসেন থেকে সান্ডারল্যান্ডে যোগ দেওয়াটা অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও প্রিমিয়ার লিগে গ্রানিত জাকার প্রত্যাবর্তন ইয়াকিনের জন্য সুখবরই বয়ে আনবে। তিনি এখনো সুইস মাঝমাঠের মূল চালিকাশক্তি। ৩৩ বছর বয়সে এটিই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ। ২০২৬ সালে তিনি চতুর্থ বিশ্বকাপে অংশ নেবেন। মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করা তাঁর দায়িত্ব। রিকার্ডো রদ্রিগেজের সঙ্গে যৌথভাবে তিনি ১২টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন। তাঁর নেতৃত্বে সুইজারল্যান্ড ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব অপরাজিতভাবে শেষ করেছে।
র্যাঙ্কিং: ১৯
অঞ্চল: ইউরোপ
ডাকনাম: নাটি
অংশগ্রহণ: ১৩
সর্বোচ্চ সাফল্য: শেষ আট (১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪)
| ম্যাচ | জয় | ড্র | হার |
|---|---|---|---|
| ৪১ | ১৪ | ৮ | ১৯ |
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|---|
| ১৩ জুন | কাতার | সান ফ্রান্সিসকো | রাত ১টা |
| ১৮ জুন | বসনিয়া | লস অ্যাঞ্জেলেস | রাত ১টা |
| ২৪ জুন | কানাডা | ভ্যাঙ্কুভার | রাত ১টা |

বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ব্যাটারদের কাছে রীতিমতো যমে পরিণত হয়েছেন রানা। ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামদের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও রানার প্রশংসায় পঞ্চমুখ। আশিকুর রহমান মজুমদারের চোখে রানা বাংলাদেশের নতুন সেনসেশন।
৩৯ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের দামামা বেজে অনেক আগেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ যখন দরজায় কড়া নাড়ছে, ততই ব্যস্ততা বাড়ছে আয়োজকদের। শিরোপা নির্ধারণী ফাইনালে আকর্ষণীয় আয়োজন থাকছে বলে জানিয়েছে ফিফা। কলম্বিয়ান পপতারকা শাকিরা পারফর্ম করলেন ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে।
১ ঘণ্টা আগে
গতিশীল বোলিংয়ের সঙ্গে বাউন্সার, ইয়র্কারে ব্যাটারদের পরাস্ত করেন নাহিদ রানা। ব্যাটারদের কাছে তিনি এখন যম। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয় ইনিংসে গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। বাংলাদেশের গতিতারকা রানাকে এবার পুরস্কার দিল আইসিসি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাত নিয়ে সমালোচনা হয় প্রায়ই। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসের খেসারত দিয়ে বেশির ভাগ ম্যাচ হেরে যায় বাংলাদেশ। সেই বাংলাদেশের ফিল্ডিংয়ে অনেক উন্নতি হয়েছে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার।
৩ ঘণ্টা আগে