
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করে রাজধানীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিডি ক্লিন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করছে সংস্থাটি।
আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে ডিএসসিসি কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ডিএসসিসির ৫টি অঞ্চলের ২২টি ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করা হবে। নগরীর নির্ধারিত এলাকা ১০টি ব্লকে বিভক্ত করে ৩১টি ঝুঁকিপূর্ণ বা হটস্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে বিশেষভাবে কাজ করবেন স্বেচ্ছাসেবকেরা। সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে মোট ১২০ জন স্বেচ্ছাসেবক মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে বিডি ক্লিনের ৭০ জন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০ জন সদস্য রয়েছেন।
ডিএসসিসি কর্মকর্তারা জানিয়েছেন, স্বেচ্ছাসেবকেরা নাগরিকদের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সচেতন করবেন, ওয়েস্ট বিন ব্যবহারে উৎসাহিত করবেন, জনসচেতনতামূলক প্রচারণা চালাবেন এবং প্রয়োজনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে সিটি করপোরেশনের ব্যবস্থা গ্রহণে সহায়তার জন্য সুপারিশ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে শুধু সিটি করপোরেশনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ এবং সক্রিয় অংশগ্রহণ সমানভাবে প্রয়োজন। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করে নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণ নিশ্চিত করা গেলে নগর পরিবেশের উন্নতির পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।
জহিরুল ইসলাম আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ঢাকা গড়ার যে লক্ষ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গ্রহণ করেছে, এই যৌথ উদ্যোগ তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত প্রচেষ্টায় একটি টেকসই পরিচ্ছন্নতা সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার বলেন, প্রাথমিকভাবে সাত দিনব্যাপী এ ক্যাম্পেইন চলবে এবং পরবর্তীতে প্রতি মাসেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসির সচিব জয়নুল আবেদীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিডি ক্লিন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাবনার বেড়া উপজেলায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে তাঁকে তুলে নিয়ে মারধর ও হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দলের নেতা রিপন সরদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
২৭ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সেই শিশুর অকাল ও নির্মম বিদায়ের শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার মা। প্রিয় সন্তানকে হারানোর পর থেকেই তিনি তীব্র মানসিক আঘাতে ভুগছেন। দীর্ঘদিনের এই মানসিক শোকের পাশাপাশি বুকে ব্যথা...
৩০ মিনিট আগে
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল প্রধান (১৭) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুনসেফের চর শহীদ মিনার এলাকায় সড়ক দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
৪৩ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইল ফোন চুরির সন্দেহে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাই অপু (১৪) মারা গেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা ২টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে