Ajker Patrika

রাজধানীর শ্যামপুরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীর শ্যামপুরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুর দোলাইরপাড়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শফিকুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

আজ রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

তাঁকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মিজানুর জানান, দোলাইরপাড়ে হামিদা পেট্রল পাম্পের সামনে দিয়ে কার্টনবোঝাই ভ্যান নিয়ে যাচ্ছিলেন শফিকুল ইসলাম। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন ভ্যানচালক। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে হাসপাতালে মৃতের বড় ভাই মো. শরিফুল ইসলাম জানান, তাঁদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রাজনগর গ্রামে। বাবার নাম মৃত শহিদুল ইসলাম। বর্তমানে সবুজবাগ বাসাবো খেলার মাঠ এলাকায় থাকেন। সকালে ভ্যানে করে কার্টন তৈরির মালামাল নিয়ে শ্যামপুরের দিকে যাচ্ছিলেন। দুপুরে মুঠোফোনে দুর্ঘটনার খবর শুনতে পান। এরপর হাসপাতালে এসে ভাই শফিকুলের মরদেহ দেখতে পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শ্যামপুর থানায় জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত