
ঢাকার কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল হাসান সরকার শুভ ছয় দিন ধরে ‘নিখোঁজ’। গত ২৮ এপ্রিল থানার ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ৬ দিনেও তাঁর সন্ধান না মেলায় পরিবারের সদস্য ও স্বজনেরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বাড়িতে আর্তনাদ করছেন স্ত্রী। আর ছেলের ফেরার অপেক্ষায় বৃদ্ধ বাবা।
নিখোঁজ পুলিশ সদস্য মো. রাকিবুল হাসান সরকার শুভ (৩২) গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের বৈরাগবাড়ি এলাকার মো. মাইজুদ্দিন সরকারের ছেলে। তিনি রাজধানী ঢাকার কলাবাগান থানার পুলিশের উপপরিদর্শক হিসেবে কর্মরত।
রোববার (৩ মে) রাতে নিখোঁজ পুলিশ সদস্যের বাড়িতে গিয়ে দেখা যায়, বসতবাড়ির বারান্দার এক কোণে মনভার করে বসে রয়েছেন শুভর বাবা মো. মাইজুদ্দিন সরকার। অজান্তেই চোখ বেয়ে অশ্রু ঝরছে। বুক চাপড়িয়ে আর্তনাদ করতে দেখা গেছে তাঁকে। নিখোঁজ পুলিশের সদস্যের স্ত্রী সামিয়া সাধারণত পরপুরুষের সামনে আসেন না। পাশের রুমে বসে স্বামীর সঙ্গে কাটানো দিনগুলোর বর্ণনা দিচ্ছিলেন। আর দোয়া চাইছেন স্বামী যেন সুস্থভাবে ফিরে আসেন।
শুভর বাবা মো. মাইজুদ্দিন জানান, গত ২৮ এপ্রিল রাতে ঢাকার কলাবাগান থানা থেকে ফোন করে জানতে চায়, শুভ বাড়িতে আসছে কি না। তাৎক্ষণিক পুত্রবধূ সামিয়াকে ডেকে এনে ফোন তাঁর হাতে দিই। কলাবাগান থানার সেকেন্ড অফিসার জানান, শুভর সাতটা থেকে ডিউটি। কিন্তু তিনি অনুপস্থিত। এমন খবর পাওয়ার পর থেকে তাঁরা খুবই চিন্তিত। কিছুতেই তাঁদের ভয় কাটছে না। তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি মাসে ছেলের বিয়ে সম্পন্ন করেন। বিয়ের বয়স মাত্র পাঁচ মাস। তিনি বলেন, ‘২০২২ সালে পুলিশে চাকরি হয় শুভর। চাকরির শুরুতে কক্সবাজারে ছিল। এক মাস হলো বদলি হয়ে কলাবাগান থানার যোগদান করে। মুহূর্তেই আমার সুখের সংসারে ভয় নেমে এল। মহান আল্লাহ তায়ালা যেন সুস্থ অবস্থায় ছেলেকে আমার বুকে ফিরিয়ে দেন।’
মো. মাইজুদ্দিন আরও বলেন, ‘আমি অসুস্থ মানুষ। এমন খবর পাওয়ার পর থেকে নিয়মিত পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পুলিশ শুধু বলছে, তারা কাজ করছে, ধৈর্য ধরতে বলছে।’
নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী সামিয়া জানান, গত ২৩ এপ্রিল ছুটি শেষে কর্মস্থলে যান। সর্বশেষ ২৮ এপ্রিল বিকেলে স্বামীর সঙ্গে ফোনে কথা হয়। সার্বিক খোঁজখবর নেন। আজ ছয় দিন পার হলো তাঁর ফোন বন্ধ। কোনো ধরনের খোঁজখবর পাচ্ছেন না। চোখের জলে কেঁদে কেঁদে স্বামীর জন্য দোয়া করছেন। স্বামী ফেরার অপেক্ষায় দিনপাত করছেন স্ত্রী সামিয়া। ভয় যেন কিছুতেই কাটছে না তাঁর।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার বিকেলে রাত্রীকালীন ডিউটির কথা বলে ব্যারাক থেকে সাদাপোশাকে বের হন পুলিশ সদস্য শুভ। কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত হওয়ার পর থেকে তাঁদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তী সময়ে নিখোঁজ নিশ্চিত হয়ে তাঁর সন্ধানে কাজ করছে পুলিশ।

টঙ্গিবাড়ীতে বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়নসংবলিত লিফলেট বিলির অভিযোগে মো. এরশাদ হোসাইন বেপারী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার রাতে তাঁকে আটক করে পুলিশ।
১৬ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের এক নারীকে (৩১) ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। আসামি ভুক্তভোগীর ভাইকে ফোন করে ‘লাশ ফেলে দেওয়ার’’ হুমকি দেন। পরে ওই ভাই ও তাঁর বন্ধুরা ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ওই নারীকে উদ্ধার করেন।
১ ঘণ্টা আগে
তাঁর ফোন পেয়ে কোনো বিলম্ব না করে মোটরসাইকেলে চড়েই ছুটে আসেন পবার ইউএনও এবং নওহাটা পৌরসভার প্রশাসক ইবনুল আবেদীন। আজ সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে নওহাটা পৌরসভার ভুগরইল ভোলাবাড়ি এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
২ ঘণ্টা আগে
বর্ষা মৌসুমে নিরবিচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রায় আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে রেইনকোট বিতরণ করেছে।
২ ঘণ্টা আগে