Ajker Patrika

রাজধানীর শ্যামপুরে নিজ ঘরে ঝুলছিল কলেজশিক্ষার্থীর লাশ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২০ জুন ২০২৬, ২০: ৫০
রাজধানীর শ্যামপুরে নিজ ঘরে ঝুলছিল কলেজশিক্ষার্থীর লাশ
প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুর মীরহাজীরবাগ এলাকার একটি বাসা থেকে এনামুল হক বিজয় (২২) নামে এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সোহরাওয়ার্দী কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

আজ শনিবার বেলা ১টার দিকে মীরহাজীরবাগ পাইপ রাস্তার একটি বাড়ির ষষ্ঠ তলার বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

মৃত বিজয়ের ছোট ভাই মো. রুমান হোসেন জানান, তাঁদের বাড়ি বরিশাল কাজীরহাট থানার চুনারচড় গ্রামে। তাঁর মা রুনু বেগম অন্যের বাসায় কাজ করেন। সকালে তিনি কাজে চলে যান। রুমানও বাইরে চলে যান।

রুমান জানান, দুপুর পৌনে ১২টার দিকে দিনমজুর বাবা শাহজাহান হাওলাদার কাজে চলে যাওয়ার আগে বিজয়ের রুমের দরজা বন্ধ দেখে তাঁকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে উঁকি দিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন বিজয়। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের ভাড়াটিয়াদের ডেকে আনেন। এরপর দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরে ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেন।

নিহত শিক্ষার্থীর ছোট ভাই আরও জানান, বিজয় খুব বদমেজাজি ছিলেন। কারও সঙ্গে কিছু শেয়ার করতেন না। তাঁর ইচ্ছার বিরুদ্ধে কিছু বলাও যেত না। তবে এই ঘটনা কেন ঘটিয়েছেন, সেটি কারও জানা নেই।

এ বিষয়ে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ওই বাসায় গিয়ে দরজা খোলা পাওয়া যায়। মরদেহটি ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় গলায় ফাঁস দিয়েছেন বিজয়। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত