
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সাগরিকা এলাকার ‘কিশোর-তরুণ গ্যাংয়ের’ অন্যতম নিয়ন্ত্রক মো. ফয়সাল (২৪)। ফয়সাল জোড়া খুনের মূল পরিকল্পনাকারীও। র্যাবের একটি অভিযান দল আজ বৃহস্পতিবার ভোর ৪টায় চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। ওই বাসাতে ফয়সাল আত্মগোপনে ছিলেন।
আজ সকালে নগরীর চান্দগাঁও র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। ফয়সাল নোয়াখালীর কবিরহাট এলাকার মো. নূর নবীর ছেলে। তাঁকে নগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম সংবাদ সম্মেলনে জানান, ফয়সাল কারাগারে থাকা ইলিয়াছ মিঠুর সহযোগী হিসেবে কাজ করতেন।
গত সোমবার (৮ মে) রাতে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা বিটাক মোড়ে ছুরিকাঘাতে মো. মাসুম (৩০) ও মো. সবুজ (২০) নামে দুই যুবক খুন হন। মাসুম ব্যাটারি শ্রমিক এবং সবুজ অটোরিকশা চালক। এ ঘটনায় মাসুমের ভাই মনির হোসেন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে পাহাড়তলী থানায় মামলা করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সাগরিকা এলাকার ‘কিশোর-তরুণ গ্যাংয়ের’ কথিত বড় ভাই ইলিয়াছ মিঠুসহ আটজনকে গ্রেপ্তার করে। ইলিয়াছ পাহাড়তলী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
ফয়সালের আগে গ্রেপ্তার হওয়া ৮ জনের মধ্যে ৪ জনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। র্যাব জানায়, তাঁদের জবানবন্দিতে হত্যার ঘটনায় ফয়সালের পূর্বপরিকল্পনার কথা সুস্পষ্ট হয়েছে।
ঘটনার বর্ণনায় র্যাব জানায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টায় নগরীর সাগরিকা জহুর আহমদ স্টেডিয়াম এলাকায় মাসুমের বন্ধু সিরাজুল ইসলাম শিহাব তাঁর বান্ধবীকে নিয়ে ঘুরতে যান। ওই সময় শিহাবকে উদ্দেশ করে ফয়সাল ও রবিউল বলেন, ‘ওই মেয়ের সঙ্গে তোকে মানায়নি’। এরপর মেয়েটিকে উত্ত্যক্ত করা শুরু করে। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সামান্য মারামারিও হয়। এতে ফয়সাল ও রবিউল আঘাত পান।
বিষয়টি তাঁদের ‘বড় ভাই’ ইলিয়াছ মিঠুকে জানান। রাত ৮টার দিকে শিহাবকে ফোন করে ঘটনা মীমাংসার জন্য ইলিয়াসের অফিসে আসতে বলা হয়। ইলিয়াসের কথামত শিহাব তাঁর বন্ধু মাসুম, সজীব, ফাহিম, রোকন, রজিন, তুহীন, মেহেদী হাসান, ইউসুফ ও প্রান্তসহ ইলিয়াসের অফিসে যান। সেখানে আগে থেকেই ইলিয়াসের নির্দেশে ও ফয়সালের পূর্বপরিকল্পনায় রবিউলসহ ২০/২৫ জন কিশোর দেশীয় অস্ত্রে প্রস্তুত থাকে। শিহাব ও তাঁর সঙ্গে থাকা বন্ধুরা সেটি জানতেন না।
ইলিয়াসে অফিসে সবাই হাজির হলে একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় ‘বড় ভাই’ ইলিয়াছ মিঠু ফয়সাল ও রবিউলকে দেখিয়ে বলেন— ‘শালাদের মার’। একপর্যায়ে মাসুম ও সজীবকে একাধিক ছুরিকাঘাত করে ফয়সাল, রনি ব্রো, বাবু এবং আকাশ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুজনই মারা যান। আহত হন শিহাব এবং তাঁর ভাই।
হত্যাকাণ্ডে যারা অংশ নিয়েছেন তাঁদের সবার বয়স ১৬ থেকে ২৪ বছরের মধ্যে বলে জানিয়েছেন র্যাব চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
২০ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
২০ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২৫ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬