Ajker Patrika

রাজধানীতে তিন দিনে ৪ জায়গায় হামলা-ভাঙচুর-লুটপাট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪২
রাজধানীতে তিন দিনে ৪ জায়গায় হামলা-ভাঙচুর-লুটপাট
ছবি: সংগৃহীত

রাজধানীতে তিন দিনের ব্যবধানে চার জায়গায় দখলচেষ্টা, অস্ত্রধারীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়।

এর আগে একই দিনে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা এবং আদাবরের শ্যামলী হাউজিংয়ে একটি আটতলা বাড়িতে অস্ত্রধারীদের হামলা ও দখলের চেষ্টার অভিযোগ পাওয়া যায়। এরও আগে বৃহস্পতিবার রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দা, জমির মালিকপক্ষ ও প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এসব ঘটনায় অস্ত্রের প্রদর্শন, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি দখলের চেষ্টা করা হয়েছে। পৃথক এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

শ্যামলী হাউজিংয়ে অস্ত্রধারীদের হামলা

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি আটতলা বাড়িতে ১৫ থেকে ২০ জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ করেছেন বাড়ির বাসিন্দারা। তাঁদের দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে রামদা, চাপাতি ও পিস্তল ছিল।

বাড়ির বাসিন্দাদের অভিযোগ, হামলাকারীরা মূল ফটক খুলে সবাইকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় তাঁরা টাকা দাবি করেন। পরে চাপাতি ও রামদা দিয়ে বাড়ির গেটে কোপানো, সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করা হয়। ইটের টুকরা ছুড়ে দ্বিতীয় তলার আরও দুটি জানালা ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

বাড়িটির মালিক ব্যবসায়ী আমিনুর রহমান। তাঁর ভাতিজা মনির হোসেন বলেন, হামলাকারীদের মধ্যে চারজন বাড়ির মূল ফটকের সামনে এগিয়ে আসেন। তাঁদের দুজনের হাতে চাপাতি এবং একজনের হাতে রামদা ছিল। কিছুটা দূরে পিস্তল হাতে আরও একজন দাঁড়িয়ে ছিলেন। তাঁর দাবি, ওই ব্যক্তি অন্যদের নির্দেশনা দিচ্ছিলেন।

মনির হোসেনের ভাষ্য, হামলাকারীরা বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হন। প্রায় পাঁচ মিনিট অবস্থানের পর তাঁরা চলে যান। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান। তাঁর দাবি, প্রায় তিন ঘণ্টা পর সকাল পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে এ ঘটনায় আদাবর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ বাড়িটি পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আগেও দখলের অভিযোগ

মনির হোসেনের দাবি, ২০২৪ সালের ১৭ আগস্ট খোরশেদ আলম নামে এক ব্যক্তি বাড়িটি দখল করেছিলেন। এ ঘটনায় আদাবর থানায় অভিযোগ দেওয়ার পরও সমাধান না হওয়ায় তাঁরা আদালতে মামলা করেন। পরে আদালত আদাবর থানাকে তদন্তের নির্দেশ দেন। এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিষয়টি তদন্ত করে।

মনির হোসেনের ভাষ্য, গত ১২ মার্চ তাঁরা বাড়িটির দখল ফিরে পান। প্রায় চার মাস তদন্তের পর পিবিআই একটি অভিযোগপত্রও দিয়েছে বলে জানান তিনি। তবে ওই অভিযোগপত্রে কী উল্লেখ করা হয়েছে, তা তাঁরা জানেন না।

ভয় ও নিরাপত্তাহীনতার কথা জানিয়ে মনির হোসেন বলেন, তাঁরা এখন আতঙ্কের মধ্যে আছেন। নিরাপত্তার কারণে বাসা থেকে বের হতেও ভয় পাচ্ছেন।

চাঁদ উদ্যানেও দখলচেষ্টার অভিযোগ

এর আগে শনিবার সকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে শতাধিক লোক নিয়ে ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। মোহাম্মদপুর বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যান হাউজিংয়ের রোজ ভিলা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

একই দিন রাতে ক্যান্টনমেন্ট থানার নিউগ্রিন হাউজিং এলাকায় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়। এতে স্টুডিওটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে শাহআলীর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত