Ajker Patrika

ট্রাম্পের নৌ অবরোধ ঘোষণা: তেল ও ডলারের দামে ঊর্ধ্বগতি, টালমাটাল বিশ্ব অর্থনীতি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৯: ৩৯
ট্রাম্পের নৌ অবরোধ ঘোষণা: তেল ও ডলারের দামে ঊর্ধ্বগতি, টালমাটাল বিশ্ব অর্থনীতি
ইরানের একটি তেলক্ষেত্র। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পরপরই বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। রোববার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম এক লাফে ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ ডলার ছাড়িয়ে গেছে। গত সপ্তাহের মঙ্গলবার তেলের দাম ১১১ ডলারে ওঠার পর এই প্রথম আবার মনস্তাত্ত্বিক সীমা ১০০ ডলার অতিক্রম করল।

এর ফলে ভঙ্গুর যুদ্ধবিরতি এখন অনিশ্চয়তার মুখে এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানির ওপর তৈরি হওয়া বাধা দূর হওয়ারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরের প্রবেশপথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে সব জাহাজের যাতায়াত বন্ধ করে দেবে। তবে পরবর্তী সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্টের কড়া হুমকির কিছুটা সংশোধন করে বলা হয়েছে, শুধু ইরানের উদ্দেশে যাতায়াতকারী জাহাজগুলোই এই অবরোধের আওতায় পড়বে। অন্যান্য সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।

এই অবরোধ আজ সোমবার ইস্টার্ন টাইম সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ সোমবার ভোররাতের লেনদেনে এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স ১ শতাংশ কমেছে। আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ ডলারে পৌঁছেছে। ইউরোর মান প্রায় দশমিক ৫ শতাংশ কমে ১ দশমিক ১৬৭২ ডলারে নেমেছে।

এশীয় শেয়ারবাজারের পতন ছিল ব্যাপক কিন্তু তুলনামূলকভাবে পরিমিত। গত ছয় সপ্তাহের এই যুদ্ধে তেলের দাম ইতিমধ্যে ৩০ শতাংশের বেশি বেড়েছে। বিনিয়োগকারীরা এই সংঘাতের কোনো কূটনৈতিক সমাধানের অপেক্ষায় থাকায় বড় কোনো বিনিয়োগে ঝুঁকি নিতে দ্বিধাবোধ করছেন।

জাপানের নিক্কেই দশমিক ৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোস্পি ১ দশমিক ৪ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ শেয়ারবাজারের সূচক ৬ শতাংশ কমেছে।

ইসলামাবাদে অনুষ্ঠিত ম্যারাথন আলোচনা অচলাবস্থার মধ্য দিয়ে শেষ হয়। এর পরপরই যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো ইরানের তেল রপ্তানি বন্ধ করা অথবা পারস্য উপসাগরের মূল প্রবেশপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ওপর ইরানের টোল আদায় প্রতিহত করা।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর উপদেষ্টারা ইরানে সীমিত হামলার কথা ভাবছেন। তবে এশীয় বাজারে লেনদেনের শুরুর দিকে গত সপ্তাহ থেকে চলা ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার মতো কোনো হামলার খবর পাওয়া যায়নি।

বাজার বিশ্লেষণী সংস্থা এমএসটি মারকিউর বিশ্লেষক সল কাভোনিক বলেন, ‘বাজার এখন মূলত যুদ্ধবিরতি শুরুর আগের পরিস্থিতিতে ফিরে গেছে। তবে এখন নতুন বিষয় হলো, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে ইরান-সংশ্লিষ্ট বাকি প্রায় ২০ লাখ ব্যারেল তেলের প্রবাহও আটকে দেবে।’ তিনি যোগ করেন, ‘এখন মূল প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি ইরানে নতুন করে হামলা শুরু করবে? যদি করে, তবে পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামো আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে, যার প্রভাব যুদ্ধের রেশ শেষ হওয়ার পরও দীর্ঘস্থায়ী হতে পারে।’

আজ আন্তর্জাতিক বাজারে লেনদেনের শুরুতে মার্কিন ট্রেজারি ফিউচার্সের দাম কমেছে। অন্যদিকে সোনা—যা যুদ্ধ-পূর্ববর্তী দীর্ঘ উত্থানের পর মুনাফা তুলে নেওয়ার কারণে দর হারাচ্ছিল—তার দাম আরও প্রায় ২ শতাংশ কমেছে।

ঝুঁকি-সংবেদনশীল মুদ্রা যেমন অস্ট্রেলীয় ডলার এবং স্টার্লিং চাপের মুখে পড়েছে; এগুলোর মান যথাক্রমে দশমিক ৭ শতাংশ এবং দশমিক ৫ শতাংশ কমেছে। ইয়েনের বিপরীতে ডলারের মান দশমিক ৩ শতাংশ বেড়ে ১৫৯ দশমিক ৭৮ ইয়েনে দাঁড়িয়েছে। উদীয়মান বাজারগুলোর মধ্যে হাঙ্গেরির মুদ্রা ‘ফরিন্ট’-এর মান দ্রুত বেড়েছে। কারণ, রোববারের নির্বাচনে হাঙ্গেরির দীর্ঘদিনের জাতীয়তাবাদী নেতা ভিক্টর অরবান একটি মধ্য-ডানপন্থী জোটের কাছে ক্ষমতা হারিয়েছেন।

মূল্যস্ফীতির আশঙ্কা পুনরায় জেগে ওঠায় বিনিয়োগকারীরা এখন কেন্দ্রীয় ব্যাংকগুলোর দিকে তাকিয়ে আছেন। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) এবং ব্যাংক অব ইংল্যান্ড সম্ভবত সুদের হার বাড়ানোর দিকে ঝুঁকবে। এটি যুদ্ধ শুরুর আগের সেই ধারণার সম্পূর্ণ বিপরীত, যেখানে মনে করা হয়েছিল সুদের হার কমানো হবে বা অপরিবর্তিত রাখা হবে।

রোববার ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তেল ও পেট্রলের দাম চড়া থাকতে পারে। যুদ্ধের সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়ে এটি তাঁর পক্ষ থেকে বিরল এক স্বীকারোক্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

পুনর্বহালের এক মাস পর পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা পাবেন কোহিনূর মিয়া

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

ছেঁড়া-ফাটা, ময়লা নোট নিয়ে যে নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

ফিলিস্তিন ইস্যুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের টুইট, ইসরায়েলের সঙ্গে বিবাদ তুঙ্গে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত