চট্টগ্রামের বাকলিয়ায় বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের (বিএইচএইচ) নতুন ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য বিনা মূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২১ নভেম্বর থেকে সেন্টারটিতে রোগীদের সেবা প্রদান শুরু হবে বলে আশা করা হচ্ছে।
আজ বুধবার চট্টগ্রামের বাকলিয়া অ্যাক্সেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় নতুন এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসেন আকবরআলী, এফসিএ, ফাইন্যান্স ডিরেক্টর জোহায়ের তাহেরআলী, পরিচালক আবদুল কাদির জোহায়ের এবং উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্তসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
প্রায় ৩ হাজার ৯৮৮ বর্গফুট আয়তনের সেন্টারটিতে চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সরবরাহ, রোগ নির্ণয় সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা এবং ফিজিওথেরাপি সেবা দেওয়া হবে। রোগীরা বিএইচএইচের মেডিকেল অফিসারদের কাছ থেকে চিকিৎসা পরামর্শ পাবেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধা পাবেন। পুনর্বাসনমূলক চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন রোগীদের জন্য থাকবে ফিজিওথেরাপি সেবাও।
বিএসআরএম ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দাতব্য সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কোনো মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেটিই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
মিরসরাই ও চট্টগ্রামে ইতিমধ্যে বিএইচএইচের কার্যক্রম চালু রয়েছে। এরই ধারাবাহিকতায় বাকলিয়ায় নতুন ডায়াগনস্টিক সেন্টার চালুর মাধ্যমে আরও বেশি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আর্থিক অসচ্ছলতা অনেক ব্যক্তি ও পরিবারের জন্য সময়মতো চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে বড় বাধা। একই স্থানে চিকিৎসা পরামর্শ, ওষুধ, রোগনির্ণয় পরীক্ষা ও ফিজিওথেরাপি সেবা নিশ্চিত করার মাধ্যমে সেই বাধা কমিয়ে আনা এবং প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়ানোই এ উদ্যোগের উদ্দেশ্য।
এ উদ্যোগের মাধ্যমে সমাজকল্যাণ ও জনকল্যাণে বিএসআরএম গ্রুপের অঙ্গীকারের প্রতিফলন ঘটছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি চট্টগ্রামে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বাড়াতে বাংলাদেশ হোপওয়েল হসপিটালস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করা হয়।










