Ajker Patrika

দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

বাংলাদেশ কমার্স ব্যাংক ও দি প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকে দুজন এবং দি প্রিমিয়ার ব্যাংকে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ মঙ্গলবার (৩ নভেম্বর) পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এ সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এ নিয়োগ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ব্যাংক দুটির পরিচালনা পর্ষদে সুশাসন নিশ্চিত করার উদ্দেশেই বাংলাদেশ ব্যাংক এমন উদ্যোগ নিয়েছে। তাদের মতে, পর্ষদে স্বতন্ত্র পরিচালকদের অংশগ্রহণ বাড়লে জবাবদিহি বাড়ে এবং সুশাসন জোরদার হয়।

এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংক দুটির সুশাসন জোরদার করার উদ্দেশেই এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ, এফসিএ। অন্যদিকে দি প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ পাওয়া তিন স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মো. মাসুদুর রহমান শাহ।

তবে প্রিমিয়ার ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারার বিধান অনুযায়ী, একই সময়ে দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদে এ ধরনের দায়িত্ব পালনের সুযোগ নেই। এ কারণে প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে যোগ দেওয়ার আগে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে তাঁর পদত্যাগ নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত