Ajker Patrika

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, সোনালীতে বহাল শওকত আলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, সোনালীতে বহাল শওকত আলী

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক—জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন—সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম, যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নূর মোহাম্মদ এবং জনতা ব্যাংকের ডিএমডি মো. নুরুল হুদা। তাঁদের প্রত্যেককে নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের আদেশ প্রত্যাহার করেছে সরকার। ফলে আগের চুক্তির মেয়াদ অনুযায়ী সোনালী ব্যাংকের এমডি পদে বহাল থাকছেন তিনি। নিয়োগ বাতিলের সিদ্ধান্ত থেকে সাত দিনের মাথায় সরে এল সরকার।

সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব আফরোজা আক্তার রিবা।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনতা ব্যাংক পিএলসির নতুন এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুব আলম। তিনি এর আগে সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেসরকারি ব্যাংকে শীর্ষ পর্যায়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বেসিক ব্যাংক পিএলসির নতুন এমডি ও সিইও হয়েছেন জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা। অন্যদিকে অগ্রণী ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে নিয়োগ পেয়েছেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর মোহাম্মদ। এই দুই কর্মকর্তাও নিজ নিজ ব্যাংকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর দায়িত্ব পালন করবেন।

সোনালী ব্যাংকে বহাল শওকত আলী খান

সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। সোমবার জারি করা পৃথক আদেশে আগের সিদ্ধান্ত বাতিল করা হয়। এর ফলে তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বহাল থাকছে।

শওকত আলী খান ২০২৪ সালের অক্টোবরে সোনালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিন বছরের চুক্তিতে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা আগের চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনে শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের নির্দেশ দিয়েছিল। সোমবার নতুন আদেশে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো। অর্থাৎ আগের আদেশের সাত দিন পর তাঁর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এল সরকার।

গত সপ্তাহে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এর আগে গত মাসে অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়োগও বাতিল করা হয়েছিল।

এবার জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগের পাশাপাশি সোনালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার করা হলো।

প্রজ্ঞাপনে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর বিধান অনুযায়ী, নবনিযুক্ত ও বহাল থাকা কর্মকর্তাদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ পর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মাহবুব আলম ও নূর মোহাম্মদের মতো বেসরকারি ব্যাংকে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে আনা হয়েছে। পাশাপাশি সোনালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের মাধ্যমে আগের চুক্তির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত