Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে ইডিডি পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় ইডিএস চালু

বিশেষ প্রতিনিধি, ঢাকা
শাহজালাল বিমানবন্দরে ইডিডি পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় ইডিএস চালু
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির অনুমোদন পুনর্বহাল করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের বিমানবন্দরগুলোয় রপ্তানি কার্গো স্ক্রিনিং সক্ষমতা আরও সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ধারাবাহিক উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী রপ্তানি কার্গো স্ক্রিনিংয়ে এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ (ইডিডি) পদ্ধতির অনুমোদন পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস) চালু হওয়ায় কার্গো স্ক্রিনিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বেবিচক জানিয়েছে, এই অগ্রগতির ফলে বাংলাদেশের রপ্তানি কার্গোর নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হয়েছে। বিশেষ করে, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নগামী পণ্যের নিরাপত্তা যাচাইপ্রক্রিয়া আরও শক্তিশালী, দ্রুত ও নির্ভরযোগ্য হবে। এতে রপ্তানিকারকদের সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে আস্থা বাড়বে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, ২০১৭ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড কান্ট্রি ইইউ অ্যাভিয়েশন সিকিউরিটি ভেলিডেটেড রেগুলেটেড এজেন্ট (আরএ৩) অর্জন করে। এর আওতায় ইডিএস, এক্স-রে, ইটিডি ও ইডিডি—এই চার পদ্ধতিতে রপ্তানি কার্গো স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে ২০২১ সালে যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট বিভাগ সরাসরি যুক্তরাজ্যগামী কার্গোর ক্ষেত্রে ইডিডি পদ্ধতির অনুমোদন সাময়িকভাবে স্থগিত করে।

পরে বেবিচকের কূটনৈতিক ও কারিগরি প্রচেষ্টা, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় এবং নিয়মিত যোগাযোগের মাধ্যমে আবারও ইডিডি অনুমোদন পুনর্বহাল করা সম্ভব হয়েছে। ফলে এখন শাহজালাল বিমানবন্দরে ইডিএস, এক্স-রে, ইটিডির পাশাপাশি ইডিডির পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত হলো।

সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে রপ্তানি কার্গো স্ক্রিনিং প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে। পাশাপাশি নতুন নতুন এয়ারলাইনস এসিসি৩ ভেলিডেশন অর্জনের মাধ্যমে ইউরোপীয় দেশগুলোয় সরাসরি কার্গো পরিবহনে সক্ষমতা অর্জন করবে।

অন্যদিকে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ২০২১ সালে আরএ৩ ভেলিডেশন অর্জনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে সরাসরি রপ্তানি কার্গো কার্যক্রম শুরু করে। কিছু সময় কার্যক্রম বন্ধ থাকার পর ২০২৫ সালের এপ্রিল থেকে সেখানে পুনরায় নিয়মিত কার্গো অপারেশন চালু হয়।

সিলেট বিমানবন্দরে আগে থেকেই স্ক্রিনিং কার্যক্রম চলছিল। সম্প্রতি দ্বিতীয় ইডিএস চালু হওয়ায় বিমানবন্দরটির স্ক্রিনিং সক্ষমতা আরও বেড়েছে। এতে কার্গো প্রক্রিয়াজাতকরণে সময় কমবে, বাড়তি চাপ মোকাবিলা সহজ হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার হবে।

বেবিচক মনে করছে, এই উদ্যোগের ফলে সিলেট থেকে বৃহৎ পরিসরে সরাসরি রপ্তানি কার্গো পরিচালনার নতুন সুযোগ তৈরি হবে, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে যাওয়ার পথেই থেমে গেল জীবন, একই পরিবারের চারজনসহ নিহত ৫

রাশিয়ার প্রতিশোধ: কিয়েভে ভয়াবহ হামলা, ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কা

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

ইরানের সঙ্গে চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ বলছেন ট্রাম্প, উদ্বেগে ইসরায়েল

শেরপুরে শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত