
আগস্ট মাসে ব্যাংক খাতে ঋণের চিত্রে স্পষ্ট পরিবর্তন এসেছে। কয়েক মাস আগে তারল্যসংকট নিয়ে উদ্বেগ থাকলেও এখন অনেক ব্যাংকের হাতে বাড়তি নগদ অর্থ রয়েছে। ফলে নতুন করে ঋণ নেওয়ার চাহিদা কমেছে আর আগের ঋণ পরিশোধ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে কলমানি, রেপো, বিশেষ তারল্য সহায়তা (এসএলএফ) ও সরকারি ট্রেজারি বিল—সব ক্ষেত্রেই ঋণ কমেছে। এক মাসেই নিট ঋণ হ্রাস পেয়েছে ১৬ হাজার ১০৫ কোটি টাকা।
কলমানি বাজার
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগস্টে কলমানি মার্কেটে গড় সুদহার ছিল ১০ দশমিক শূন্য ৫ শতাংশ। এ মাসে মোট ঋণ দেওয়া হয় ১ লাখ ১৬ হাজার ১২৫ কোটি টাকা, আর মেয়াদপূর্তিতে ব্যাংকে ফেরত এসেছে ১ লাখ ১৭ হাজার ৫৯ কোটি টাকা। ফলে কলমানিতে নিট ধার কমেছে ৯৩৪ কোটি টাকা। জুলাইয়ে একই হারে ঋণ দেওয়া হয়েছিল ১ লাখ ১৬ হাজার ৮৫২ কোটি টাকা এবং ফেরত আসে ১ লাখ ১৬ হাজার ৪৯৪ কোটি টাকা। সে ক্ষেত্রে জুলাইয়ে ঋণ বেড়েছিল ৩৫৭ কোটি টাকা। আর জুলাই মাসে কলমানিতে গড় সুদহার ছিল ১০ দশমিক ১৪ শতাংশ।
রেপো বাজার
আগস্টে ১০ শতাংশ হারে রেপোতে মোট ঋণ দাঁড়ায় ১ লাখ ৯ হাজার ৩৫০ কোটি টাকা। আর ফেরত আসে ১ লাখ ১৫ হাজার ৬৮৯ কোটি টাকা। ফলে নিট ঋণ কমেছে ৬ হাজার ৩৩৮ কোটি টাকা। জুলাইয়ে রেপো ঋণ ছিল ১ লাখ ৫৫ হাজার ৩২০ কোটি এবং ফেরত আসে ১ লাখ ৫৪ হাজার ২০০ কোটি টাকা। তখন নিট ঋণ বেড়েছিল ১ হাজার ১১৯ কোটি টাকা।
বিশেষ তারল্য সহায়তা (এসএলএফ)
আগস্টে ১০ শতাংশ সুদে এসএলএফের আওতায় ঋণ দেওয়া হয় ১ লাখ ১৮ হাজার ১০ কোটি টাকা। ফেরত আসে ১ লাখ ২৫ হাজার ৯৪৪ কোটি টাকা। ফলে নিট ঋণ কমেছে ৭ হাজার ৯৩৪ কোটি টাকা। জুলাইয়ে এ খাতে নিট ঋণ দেওয়া হয় ১ লাখ ৪২ হাজার ৯৮৮ কোটি টাকা এবং একই সময়ে ব্যাংকে ফিরেছে ১ লাখ ৫৩ হাজার ৮৯২ কোটি টাকা। সেই হিসাবে গত জুলাইতে ঋণ কমেছিল ১০ হাজার ৯০৪ কোটি টাকা।
সরকারি ট্রেজারি বিল
আগস্টে ট্রেজারি বিলে গড় সুদ দাঁড়ায় ১০ দশমিক ২২ শতাংশ। এ সময় ঋণ দেওয়া হয় ৩১ হাজার ৫০০ কোটি টাকা এবং ফেরত আসে ৩২ হাজার ৩৯৮ কোটি টাকা। ফলে নিট ঋণ কমে ৮৯৮ কোটি টাকা। গড়ে ১১ দশমিক শূন্য ৮ শতাংশ হারে ঋণ ছিল ৩৪ হাজার কোটি টাকা এবং আগের বিলের মেয়াদ পূর্ণ হওয়ায় ব্যাংকে ফিরেছে ঋণের ৩৭ হাজার ৯২২ কোটি টাকা। সেই হিসাবে জুনের তুলনায় গত জুলাইয়ে সরকারি ট্রেজারি বিলের নিট ঋণ কমেছে ৩ হাজার ৯২২ কোটি টাকা।
বিশ্লেষকদের মত
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংক খাতে টাকার বাড়তি চাহিদা কমেছে। কারণ, অনেক ব্যাংকের হাতে নগদ তারল্য বেড়েছে। সে জন্য আগস্ট মাসে সুদের হার জুলাইয়ের তুলনায় কমলেও কলমানিতে নতুন ধার কমেছে।
বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলোর আমানত কিছুটা বেড়েছে এবং করপোরেট ঋণের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমেছে। শুধু ভোক্তা ঋণের কিছু চাহিদা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ডলার কেনায় বাজারে তারল্য বেড়েছে। সব মিলিয়ে নগদ টাকার চাহিদা কমেছে এবং ঋণ পরিশোধের প্রবণতা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলার কেনায় ব্যাংকগুলোর হাতে তারল্য বেড়েছে। ঋণের চাহিদা কম থাকায় অনেক ব্যাংকের হাতে অলস টাকা রয়ে গেছে। ফলে স্বল্পমেয়াদি ঋণ পরিশোধ বেড়েছে এবং নতুন ঋণ নেওয়া কমেছে।

শরিয়াহভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ হওয়ায় প্রশাসনিক শূন্যতা অনেকটাই কেটেছে। তবে আমানতকারীদের স্বস্তি এখনো ফেরেনি। তাঁদের অভিযোগ, বিভিন্ন শাখা থেকে তাঁরা এখনো চাহিদামতো আমানতের টাকা তুলতে পারছেন না।
৮ ঘণ্টা আগে
দেশের শিল্পাঞ্চলে গ্যাস-সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় তৈরি পোশাক খাতে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে। শিল্পমালিকদের আশঙ্কা, চলমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী কয়েক সপ্তাহে রপ্তানি আদেশ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রা আয়, আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সেবা প্রসারের লক্ষ্যে চালু করা হয়েছে ‘ব্যাংক-মধ্যস্থতাকারী কাঠামো’। এর আওতায় প্রবর্তিত ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট’ (ডিভিএ)-এর মাধ্যমে এখন থেকে সহজেই বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপল ও পেওনিয়ারের মতো বৈশ্বিক ই-কমার্স ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে..
১৫ ঘণ্টা আগে
কিমিয়া সাদাত একজন বিশিষ্ট ব্যাংকিং নেতা, যার করপোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, অফশোর ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা, ট্রেড সার্ভিসেস, সাপ্লাই চেইন ফাইন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্ট, এজেন্ট ব্যাংকিং, রিকভারি ও পুনর্গঠন, লিজ ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে
১৬ ঘণ্টা আগে