বুলেটের মুখে দাঁড়িয়ে স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল বাংলাদেশের তরুণ ছাত্র-জনতা। কোটা সংস্কার আন্দোলন একসময় স্বৈরাচারবিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। মূলত বৈষম্য, বেকারত্ব দূর করে এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েছে। কিন্তু বিপ্লবের ছয় মাস পর অনেকেই বলছেন, চাকরি খোঁজা ব্যারিকেড সামলানোর চেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রিজওয়ান চৌধুরীর স্বপ্ন ছিল, এই আন্দোলন যুবকদের জন্য অফুরান সুযোগ এনে দেবে। কিন্তু নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তিনি কোনো কার্যকর উদ্যোগ দেখতে পাননি। তিনি এএফপিকে বলেন, ‘সরকার এখনো কোনো ফলপ্রসূ উদ্যোগ নেয়নি।’ শেখ হাসিনাকে তাড়াতে যে আন্দোলন গড়ে উঠেছিল, তার সক্রিয় অংশীদার ছিলেন ২৫ বছর বয়সী এই শিক্ষার্থী। তাঁর মতো তরুণদের আন্দোলনের ফলেই শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে চলে যান।
বেকারত্ব ছিল গত বছরের আন্দোলনের অন্যতম মূল কারণ। কিন্তু বিপ্লবের পর এই সংকট আরও প্রকট হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষে বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে চাকরিপ্রত্যাশী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৬০ হাজারে। এই সংখ্যা আগের বছরের ২৪ লাখ ৯০ হাজার থেকে ৬ শতাংশ বেশি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সেপ্টেম্বরে সতর্ক করে বলেছিল, ‘অর্থনৈতিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ধীর হয়েছে, তবে মূল্যস্ফীতি এখনো দুই অঙ্কের ঘরে।’ কর রাজস্ব কমার পাশাপাশি ব্যয় বাড়ার চাপও বেড়েছে।
শেখ হাসিনার পতনের পর যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, তা অনেকের কাছে ফিকে হয়ে যাচ্ছে। রিজওয়ান চৌধুরী বলেন, ড. ইউনূস ছাত্রনেতাদের মন্ত্রিসভায় স্থান দিলেও তাদের দাবিগুলো উপেক্ষা করা হচ্ছে বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিনিধি প্রশাসনে থাকলেও আমাদের কণ্ঠ শুনছে কি না, সন্দেহ আছে।’
সাহিত্যের ছাত্র শুক্কুর আলী (৩১) নিজের অসুস্থ ও বৃদ্ধ বাবা-মাকে সাহায্য করতে খণ্ডকালীন কাজ করে কোনো রকমে দিন পার করছেন। তিনি বলেন, ‘নুন আনতে পান্তা ফুরায়, এমন পরিস্থিতিতে যা পাই তাই করি।’ তিনি জানান, পত্রিকার পাতায় চাকরির বিজ্ঞাপন প্রায় বন্ধ হয়ে গেছে।
সুক্কুর বলেন, ‘আগে কেবল শিক্ষাপ্রতিষ্ঠান বা ব্যাংকে চাকরির জন্য আবেদন করতাম, কিন্তু ব্যর্থ হয়েছি। এখন যেকোনো কাজই চলবে। শুধু একটা চাকরি চাই।’
ঢাকায় বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বিশ্লেষক জাহিদ হোসেন বলেন, ‘প্রায় এক-তৃতীয়াংশ শ্রমশক্তি পর্যাপ্ত কাজ না পেয়ে যেকোনো কাজ করে খরচ চালানোর চেষ্টা করছে।’
১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতি নাটকীয়ভাবে এগিয়েছে। এটি সম্ভব হয়েছে মূলত তৈরি পোশাকশিল্পের কারণে। বিশ্বের বিভিন্ন দেশের ব্র্যান্ডের পোশাক উৎপাদন করে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক হিসেবে বিশ্ববাজারে জায়গা করে নিয়েছে। কিন্তু পোশাক কারখানার বাইরে বিশ্ববিদ্যালয় স্নাতকদের জন্য চাকরির সংখ্যা খুবই কম।
বিবিএসের তথ্য অনুযায়ী, দেশে শিক্ষিত বেকারের হার ৮৭ শতাংশ। সরকার দাবি করছে, তারা সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করছে। ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ব্যাপক কর আদায়ের মাধ্যমে সরকার জনখাতে বিনিয়োগ করে ‘বেশ কিছু’ চাকরি সৃষ্টির পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘কর সংগ্রহ বাড়ানো আমাদের অগ্রাধিকার। কারণ, আগের সরকার একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি রেখে গেছে।’
তবে ৮৪ বছর বয়সী ক্ষুদ্রঋণের পথিকৃৎ ড. ইউনূস বলছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের ‘অত্যন্ত কঠিন’ চ্যালেঞ্জ তাঁকে মোকাবিলা করতে হচ্ছে। এই সংস্কারগুলোর মধ্যে সংবিধান ও জনপ্রশাসন পুনর্গঠন উল্লেখযোগ্য, যাতে স্বৈরাচার আর ফিরতে না পারে।
এ বিষয়ে জাহিদ হোসেন বলেন, ‘অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে যে বিপর্যস্ত পরিস্থিতি পেয়েছে, তা সামাল দিতেই ব্যস্ত।’ তিনি আরও বলেন, ‘যুবকদের সহায়তায় কেবল বিচ্ছিন্ন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।’ উদাহরণ হিসেবে তিনি ট্রাফিক পুলিশের কাজে ছাত্রদের খণ্ডকালীন নিয়োগের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রশাসন পূর্ণ গতিতে কাজ করছে না। আমি তাদের ১০০-এর মধ্যে ৫০ নম্বর দেব।’
বাংলাদেশের বর্তমান চাকরির বাজারে তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিশাল কিছু চ্যালেঞ্জ আছে। এ বিষয়ে জনপ্রিয় অনলাইন চাকরির সন্ধানদাতা সাইট বিডিজবসের প্রধান এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘সরকারি খাতে বছরে ২০ থেকে ২৫ হাজার স্নাতক নিয়োগ দেওয়া সম্ভব, অথচ প্রতিবছর প্রায় ৭ লাখ স্নাতক পাশ করে বের হয়।’
বেসরকারি খাত ৮৫ শতাংশ চাকরি দিলেও সেখানেও আশার আলো কম। এ বিষয়ে ফাহিম মাশরুর বলেন, ‘৫ আগস্টের পর থেকে সরকারি ও বেসরকারি খাতে নিয়োগ ধীর হয়ে গেছে।’
বিক্ষোভ বিনিয়োগকারীদেরও ভয় পাইয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১৭৭ মিলিয়ন ডলার। আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে শেখ হাসিনার আমলে একই সময়ে ৬১৪ মিলিয়ন ডলারের তুলনায় যা এক-তৃতীয়াংশেরও বেশি কম।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ বলেছেন, সরকারকে যুবকদের সহায়তায় কর্মসূচি নিতে হবে, যার মধ্যে ‘যুবকদের ব্যবসা শুরুর জন্য ঋণ প্রকল্প’ অন্তর্ভুক্ত থাকতে পারে।
তবে কারও কারও জন্য চাকরি-বাকরি পাওয়ার ক্ষেত্রে সব প্রচেষ্টা এরই মধ্যে ব্যর্থ হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। যেমন—৩১ বছর বয়সী সুবীর রায় একটি সরকারি চাকরির জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু অজানা কারণে তা বাতিল হয়। তিনি বলেন, ‘বাবা আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য জমি বিক্রি করেছিলেন...এখন আমি খালি হাতে বাড়ি ফিরছি। আমি বাবার সঙ্গে ধানখেতে কাজ করব।’

এক বছরের ব্যবধানে দেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে এই ঘাটতি ছিল ১১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে ২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার, যা প্রায় ১৭ দশমিক ৪৩ শতাংশ।
৫ ঘণ্টা আগে
ক্রেডিট কার্ডের ঋণসীমা প্রায় দ্বিগুণ করে সর্বোচ্চ ৪০ লাখ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ ধরনের ঋণের সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করা হয়েছে ২৫ শতাংশ। আগে গ্রাহকেরা ক্রেডিট কার্ডের মাধ্যমে জামানত ছাড়া সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ২৫ লাখ টাকা ঋণ সুবিধা পেতেন।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধকে ঘিরে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় টানা ১০ দিন জ্বালানি তেল সরবরাহে রেশনিং চালুর পর তা প্রত্যাহার করেছে সরকার। তবে রেশনিং তুলে নেওয়ার পরও ঢাকার বিভিন্ন স্থানে জ্বালানিস্বল্পতা ও সরবরাহ সংকটের অভিযোগ পাওয়া গেছে।
১১ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারা দেশের দোকান এবং বিপণিবিতানগুলোয় আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার দোকান মালিক সমিতি ও অন্য ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কয়েকটি নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
১২ ঘণ্টা আগে