
চলতি গ্রীষ্মের বিশ্বকাপ থেকে ইতিহাসের সর্বোচ্চ ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার (প্রায় ১১ দশমিক ২ বিলিয়ন পাউন্ড) রাজস্ব আয় করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট শুরুর আগে সংস্থাটি যেখানে ১১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল, সেখানে প্রকৃত আয় সেই লক্ষ্যমাত্রাকে অনেকটা ছাড়িয়ে গেছে। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপ থেকে সংস্থাটি রেকর্ড ৭ দশমিক ৬ বিলিয়ন বা ৭৬০ কোটি ডলার আয় করেছিল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ থেকে আয় হয় ৬ দশমিক ৪২ বিলিয়ন বা ৬৪২ কোটি ডলার।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শনিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্যভুক্ত জাতীয় ফুটবল সংস্থাগুলোকে এই তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আয়ের এই বড় উল্লম্ফনের প্রধান চালিকাশক্তি ছিল উচ্চমূল্যের হসপিটালিটি প্যাকেজ এবং সেকেন্ডারি (পুনর্বিক্রয়) বাজারে টিকিট বিক্রি। এই বাজারে প্রতিটি টিকিট বিক্রির ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের কাছ থেকে ১৫ শতাংশ করে কমিশন পায় ফিফা।
বিশ্বকাপের এই অতিরিক্ত আয়ের একটি অংশ সদস্যদেশগুলোর ফুটবল সংস্থাগুলোর মধ্যে বণ্টন করা হতে পারে। যদিও অর্থ বণ্টনের কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। রেকর্ড আয় ফিফা সভাপতি ইনফান্তিনোর জন্যও বড় স্বস্তির খবর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে একাধিক বিতর্কে সমালোচনার মুখে পড়লেও এই বাণিজ্যিক সাফল্য তাঁর নেতৃত্বকে আরও শক্ত ভিত্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে দেখানো লাল কার্ড স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই ফিফা এমন সিদ্ধান্ত নিয়েছে। যদিও ফিফার দাবি, তাদের শৃঙ্খলা কমিটি স্বাধীনভাবে সিদ্ধান্তটি নিয়েছে। তবু বিষয়টি বিশেষ করে ইউরোপের বিভিন্ন ফুটবল সংস্থার মধ্যে অসন্তোষের কারণ হয়ে আছে।
আগামী মার্চে ফিফা সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে ইনফান্তিনো ২০০টির বেশি সদস্য সংস্থার সমর্থনের আশ্বাস পেয়েছেন। বিশাল অঙ্কের বিশ্বকাপ আয়ের সুফল সদস্য সংস্থাগুলো পেলে তাঁর প্রতি সমর্থন আরও জোরালো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপের এই আর্থিক সাফল্য ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রে আসর আয়োজনের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। বর্তমানে বিড আহ্বানের জন্য পরবর্তী আসর ২০৩৮ সালের বিশ্বকাপ। শুক্রবার এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বিশ্বকাপ আয়োজনের জন্য আবারও যুক্তরাষ্ট্রকেই বেছে নেওয়া উচিত। এবার অবশ্য কানাডা ও মেক্সিকোকে ছাড়াই।’ এ ছাড়া ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়েও ফিফার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে।
এদিকে নিউজার্সিতে অনুষ্ঠিত স্পেন-আর্জেন্টিনা ফাইনালের আগের রাত পর্যন্ত ফিফার টিকিটিং পোর্টালে ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজ বিক্রি চলছিল। এর মধ্যে ‘ট্রফি লাউঞ্জ’ প্যাকেজের প্রতি টিকিটের মূল্য রাখা হয়েছিল ৩৪ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বিশ্বকাপের বিপুল বাণিজ্যিক সাফল্যের আরেকটি প্রমাণ।

বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন হাজারো ফ্লাইট পরিচালনা করছে শতাধিক এয়ারলাইনস। যাত্রীদের কাছে প্রতিটি এয়ারলাইনস আলাদা ব্র্যান্ড হিসেবে পরিচিত হলেও এগুলোর বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে হাতে গোনা কয়েকটি অ্যাভিয়েশন গ্রুপ। এক ছাতার নিচে একাধিক ফুল সার্ভিস ও লো-কস্ট...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরানের লড়াইয়ে জ্বালানি তেলের দামে উত্থান-পতন লেগেই আছে। পুনরায় এ সংঘাত তীব্রতর হওয়ায় এবং হরমুজ প্রণালিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় তেলের দাম ফের ঊর্ধ্বমুখী।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সর্বশেষ দফার কঠোর সামরিক হামলার পর গতকাল রোববার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ...
১০ ঘণ্টা আগে
একই সংখ্যক শ্রমিক, একই যন্ত্রপাতি ও একই মূলধন ব্যবহার করেও এক দেশের উৎপাদন অন্য দেশের তুলনায় অনেক বেশি হতে পারে। এর কারণ উৎপাদনশীলতা। অর্থনীতিতে দীর্ঘমেয়াদে সফলতা নির্ভর করে শুধু শ্রম বা বিনিয়োগের পরিমাণে নয়; বরং একই সম্পদ দিয়ে কত বেশি উৎপাদন করা যাচ্ছে, তার ওপর।
১৮ ঘণ্টা আগে