নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আগামী অর্থবছরের বাজেটে ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া আরও কিছু কর-শুল্ক কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। অর্থনীতিবিদেরা মনে করছেন, এসব পদক্ষেপ মানুষের পকেটের চাপ কমাতে কতটা সহায়ক হবে, তা নির্ভর করবে বাজার তদারকির ওপর।
কর কমানোর প্রস্তাবের পাশাপাশি কিছু পণ্যে শুল্ক-কর বাড়ানোর প্রস্তাবও রয়েছে; যা পকেটের ওজন কমাবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, মূল্যস্ফীতির চাপ কমানো এবং মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখা অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য, স্বাস্থ্যসেবা, কৃষি, তথ্যপ্রযুক্তি এবং ডিজিটাল সেবা খাতে বিভিন্ন কর ও শুল্কছাড়ের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।
বাজেটে ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের প্রত্যাশা, সরবরাহ পর্যায়ে করের চাপ কমলে বাজারে এসব পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
অবশ্য অর্থনীতিবিদদের মতে, নিত্যপণ্যের ওপর কর কমানোর সিদ্ধান্ত ইতিবাচক। তবে বাজেটের আসল পরীক্ষা হবে বাস্তবায়নে। করছাড়ের প্রকৃত সুফল তখনই ভোক্তার কাছে পৌঁছাবে, যখন বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ শৃঙ্খল কার্যকর থাকবে। বাজারে এর প্রভাব দেখতে হলে সরবরাহব্যবস্থা, পরিবহন ব্যয় এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণেও সমান গুরুত্ব দিতে হবে।
ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কর কমানো ইতিবাচক উদ্যোগ। কিন্তু দেশের বাজারে অনেক সময় করছাড়ের পুরো সুবিধা ভোক্তার কাছে পৌঁছায় না। এ জন্য বাজার তদারকি ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
স্বাস্থ্য খাতে দৃশ্যমান স্বস্তির বার্তা এসেছে কিডনি ও হৃদ্রোগীদের জন্য। ডায়ালাইসিস ফিল্টার, ব্লাড টিউবিং সেট, হার্টের স্টেন্ট এবং চোখের ইনট্রাওকুলার লেন্সে ভ্যাট ও করছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, এতে প্রতিটি ডায়ালাইসিসের খরচ এবং চিকিৎসা সরঞ্জামের মূল্য উল্লেখযোগ্যভাবে কমতে পারে। দীর্ঘদিন ধরে উচ্চ চিকিৎসা ব্যয়ে বিপর্যস্ত মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারের জন্য এটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ব্যাংক আমানতকারীদের জন্যও কিছু স্বস্তি রয়েছে। ব্যাংক হিসাবের ওপর আবগারি শুল্কমুক্ত সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ক্ষুদ্র সঞ্চয়কারীরা কিছুটা সুবিধা পাবেন।
মোবাইলের সিম কার্ডের ওপর বিদ্যমান ৩০০ টাকার কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কম্পিউটার, প্রিন্টার, মনিটরসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের ওপর শুল্ক ও কর কমানোর প্রস্তাব রয়েছে। ফলে প্রযুক্তিপণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে; যা শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য ইতিবাচক হতে পারে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি এম রাশিদুল হাসান বলেন, প্রযুক্তিপণ্যের ওপর কর কমানোর কারণে ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করবে। এতে কম্পিউটার ও প্রযুক্তিসেবা আরও বেশি মানুষের নাগালে আসবে।
স্বস্তিদায়ক এসব করছাড়ের বিপরীতে কিছু পণ্যে শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাবও রয়েছে বাজেটে। ওয়াশিং মেশিন, ট্রান্সফরমার, কপার টিউব, কাগজ, বাইসাইকেলের যন্ত্রাংশ, মেইজ স্টার্চসহ কিছু পণ্যে স্থানীয় শিল্প সুরক্ষার জন্য আমদানিতে শুল্ক ও নিয়ন্ত্রণমূলক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে নির্দিষ্ট কিছু আমদানিনির্ভর পণ্যের দাম কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এ ছাড়া করভিত্তি সম্প্রসারণের উদ্যোগে নতুন করদাতা অন্তর্ভুক্ত হওয়ায় একাংশের ওপর প্রশাসনিক চাপ বাড়ার আশঙ্কাও রয়েছে।

সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এটি একটি ব্যাংক। তাদের ব্যবস্থাপনা একই, বোর্ডও এক। কিন্তু এই ব্যাংককে একই পদে একই কাজ করেও কেউ বেতন পাচ্ছেন বেশি, কেউ কম। এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
১০ ঘণ্টা আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে...
১০ ঘণ্টা আগে
রাষ্ট্রমালিকানাধীন শরিয়াভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে
১০ ঘণ্টা আগে
এনআরবিসি ব্যাংক পিএলসি কিশোরগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই...
১০ ঘণ্টা আগে