
মানিকগঞ্জের সাটুরিয়ার তাঁতপল্লিতে ঈদ সামনে রেখে কর্মব্যস্ততা তুঙ্গে। খুটখাট আওয়াজে মুখরিত তাঁতপল্লি যেন এক অনবরত সুরেলা ছন্দ তুলেছে। চলছে পবিত্র মাহে রমজান, এরপরই ঈদ এবং বাঙালির পয়লা বৈশাখের উৎসব। তাঁতমালিকেরা বাহারি ডিজাইনের শাড়ির অর্ডার পাচ্ছেন, আর তাঁতশ্রমিকেরা দিন-রাত ব্যস্ত সেই অর্ডার পূরণে। এক মাসের কঠোর পরিশ্রমেই যেন তাঁরা পরিবারের চাহিদা মেটানোর স্বপ্ন বুনে চলেছেন। তাঁত ব্যবসায়ীরা এবার ঈদ ও পয়লা বৈশাখের পাইকারি ও খুচরা বাজারে ভালো বিক্রি করতে চান, অতীতের লোকসান কাটিয়ে উঠতে চান। তাই সাটুরিয়ার বিভিন্ন তাঁত কারখানায় এখন প্রাণচাঞ্চল্য।
সরেজমিনে গত সোমবার উপজেলার হামজা, সাভার, আগ সাভার, চাচিতারা, জালশুকা ও নতুন ভোয়া এলাকায় ঘুরে দেখা যায়, তাঁতপল্লিগুলো খুটখাট আওয়াজে মুখরিত। কেউ হাতে বুনছেন, কেউবা বিদ্যুৎ-চালিত তাঁতে শাড়ির সূক্ষ্ম কারুকাজ ফুটিয়ে তুলছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ। ঈদের বাজার ধরতে অনেকেই অগ্রিম বাহারি ডিজাইনের কাপড় তৈরি করে রেখেছেন, যাতে ভালো দামে বিক্রি করা যায়।
সাভার গ্রামের তাঁতমালিক রজ্জব আলীর সঙ্গে কথা হলে তিনি জানান, ‘অন্য কোনো কাজ না থাকায় লোকসানের মধ্যেও পূর্বপুরুষদের এই পেশা ধরে রেখেছি। ঈদ উপলক্ষে কিছু শাড়ির অর্ডার পেয়েছি, যা বিক্রি করে কিছু লাভের মুখ দেখার আশা করছি।’
তবে তাঁত ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জও কম নয়। চাচিতারা গ্রামের তাঁতমালিক পলান বেপারী বলেন, ‘আগের মতো তেমন শাড়ি বিক্রি হয় না, তবে ঈদ এলেই কিছু অর্ডার পাই। সুতা, রং এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় লাভের মুখ তেমন দেখা যায় না। কোনো রকমে টিকে আছি।’
শ্রমিকের অবস্থাও তেমন ভালো নয়। কাউয়াখেলা গ্রামের তাঁতশ্রমিক কাশেম (৫৪) বলেন, ‘আমার দুই ছেলে, এক মেয়ে। পাঁচজনের সংসার। ঈদের আগে ব্যস্ততা বাড়ে, তখন যা মজুরি পাই, তা দিয়েই কোনো রকমে ছেলেমেয়ের পড়াশোনা আর সংসার চলে।’
বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আবদুল হাই জানান, ‘উপজেলার মধ্যে সবচেয়ে বেশি তাঁতি সম্প্রদায় আমাদের বরাইদ ইউনিয়নে। এখনো শতাধিক তাঁতি এ পেশায় নিয়োজিত। তাঁদের তৈরি শাড়ি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়, এমনকি বিদেশেও রপ্তানি হয়। কিন্তু রং, সুতা এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় অনেকে তাঁদের তাঁত বন্ধ করে দিচ্ছেন। তাঁতশিল্প ধ্বংসের পথে। সরকার যদি কাঁচামালের দাম নিয়ন্ত্রণে রেখে খাতটির প্রয়োজনীয় নীতিসহায়তা বাড়ায়, তাহলে ঐতিহ্যবাহী এই শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারবে।’
ঈদ আর বৈশাখের বাজার ঘিরে তাঁতশিল্পে আশার আলো দেখা দিলেও টিকে থাকার লড়াই কঠিন। সরকার ও নীতিনির্ধারকদের পরিকল্পিত সহায়তা ছাড়া এই ঐতিহ্য টিকিয়ে রাখা কঠিন হবে। তাঁতিদের শ্রম যেন বিফলে না যায়, সেই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।

দেশের বাজারে আবারও সোনার দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪০ টাকা।
২ ঘণ্টা আগে
রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
১০ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১৩ ঘণ্টা আগে